রাজধানী
মুছাব্বির হত্যা মামলায় প্রধান শুটারসহ তিনজন আটক
রাজধানীর কাওরানবাজারের তেজতুরী বাজারে স্বেচ্ছাসেবক দলের নেতা আজিজুর রহমান মুছাব্বির হত্যাকাণ্ডের ঘটনায় প্রধান শুটারসহ তিনজনকে আটক করেছে পুলিশ।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) শুক্রবার (৯ জানুয়ারি) গভীর রাতে মানিকগঞ্জ ও গাজীপুর জেলায় পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করে। ডিবির এক ঊর্ধ্বতন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, আটককৃতদের মধ্যে রয়েছেন হত্যাকাণ্ডে সরাসরি গুলি চালানো ব্যক্তি জিনাত এবং ঘটনার অন্যতম পরিকল্পনাকারী বলে সন্দেহ করা হচ্ছে বিল্লালকে। এছাড়া তৃতীয় একজনকে এই দুজনের সহযোগী হিসেবে প্রাথমিকভাবে চিহ্নিত করা হয়েছে।
এদিকে, হত্যাকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্ট আরও একটি সিসিটিভি ভিডিও ফুটেজ পুলিশের হাতে এসেছে। তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ক্যশৈনু মারমা জানান, নতুন ভিডিওতে শুটারদের মুখ আরও স্পষ্টভাবে দেখা যাচ্ছে। ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।
উল্লেখ্য, গত বুধবার (৭ ডিসেম্বর) রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে তেজতুরী বাজারের স্টার হোটেলের গলিতে সন্ত্রাসীদের গুলিতে নিহত হন স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুছাব্বির (৪৫)। এ ঘটনায় তার স্ত্রী সুরাইয়া বেগম বাদী হয়ে তেজগাঁও থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।