শিক্ষা

বন্যার কারণে তিন শিক্ষা বোর্ডের আজকের এইচএসসি পরীক্ষা স্থগিত


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১০ জুলাই ২০২৫, ১১:০৫ এএম

বন্যার কারণে তিন শিক্ষা বোর্ডের আজকের এইচএসসি পরীক্ষা স্থগিত
ছবি: সংগৃহীত

বন্যা পরিস্থিতির অবনতির কারণে আজ বৃহস্পতিবার (১০ জুলাই) অনুষ্ঠিতব্য এইচএসসি ও সমমানের পরীক্ষাগুলো তিনটি শিক্ষা বোর্ডের অধীনে স্থগিত করা হয়েছে। এই তিন বোর্ড হচ্ছে— কুমিল্লা শিক্ষা বোর্ড, বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড।

বুধবার রাত সাড়ে ১১টার পর পৃথকভাবে জারি করা বিজ্ঞপ্তির মাধ্যমে সংশ্লিষ্ট বোর্ডগুলো পরীক্ষাসমূহ স্থগিতের ঘোষণা দেয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, স্থগিত হওয়া পরীক্ষাগুলোর নতুন সময়সূচি পরবর্তীতে প্রকাশ করা হবে।

কুমিল্লা শিক্ষা বোর্ড এক বিজ্ঞপ্তিতে জানায়, উজান থেকে নেমে আসা ঢল এবং টানা ভারী বর্ষণের ফলে ফেনী ও নোয়াখালী জেলার বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে। এ কারণে ১০ জুলাইয়ের (আজকের) পরীক্ষা স্থগিত করা হয়েছে। তবে আগামী ১৩ জুলাই থেকে পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী অন্যান্য পরীক্ষা যথারীতি অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের পরীক্ষাসমূহও একই দিনে স্থগিত করা হয়েছে। বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. মোহাম্মদ কামরুল আহসান গণমাধ্যমকে জানান, সারাদেশে আলিম পরীক্ষা স্থগিত করা হয়েছে। যদিও পরীক্ষা স্থগিতের নির্দিষ্ট কারণ বা পরবর্তী পরীক্ষার তারিখ তাৎক্ষণিকভাবে জানানো হয়নি।

কারিগরি শিক্ষা বোর্ডের অধীন এইচএসসি (ভোকেশনাল), এইচএসসি (বিএম), এবং ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামের পরীক্ষাও আজকের জন্য স্থগিত করা হয়েছে। বোর্ডের পরিচালক (কারিকুলাম) প্রকৌশলী মো. আনোয়ারুল কবীর গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, অনিবার্য কারণবশত ১০ জুলাইয়ের সব পরীক্ষা স্থগিত করা হয়েছে। তবে অন্যান্য দিনের পরীক্ষাসমূহ পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে।

সব শিক্ষার্থীকে পরবর্তী ঘোষণা ও নতুন সময়সূচির জন্য সংশ্লিষ্ট বোর্ডের ওয়েবসাইট ও গণমাধ্যমে নজর রাখার অনুরোধ জানানো হয়েছে।