বিনোদন

ফ্রান্সকে নিয়ে বিতর্কিত পোস্ট করায় সমালোচনার মুখে অমিতাভ বচ্চন 


বিনোদন ডেস্ক
প্রকাশ: ০৮ জুলাই ২০২৬, ০৮:২১ পিএম

ফ্রান্সকে নিয়ে বিতর্কিত পোস্ট করায় সমালোচনার মুখে অমিতাভ বচ্চন 
ছবিঃ সংগৃহীত

ফিফা বিশ্বকাপের উত্তেজনার মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট করে সমালোচনার মুখে পড়েছেন বলিউডের কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চন। ফ্রান্স জাতীয় ফুটবল দলের প্রশংসা করতে গিয়ে তার মন্তব্যকে অনেকেই বর্ণবিদ্বেষমূলক ও অসংবেদনশীল বলে আখ্যা দিয়েছেন।

বিশ্বকাপে ফ্রান্স দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে। দলের হয়ে দুর্দান্ত খেলছেন কিলিয়ান এমবাপ্পে, উসমান দেম্বেলে, মাইকেল ওলিসে, লুকাস দিনিয়ে ও আদ্রিয়েন রাবিওসহ অন্যরা। বিভিন্ন জাতিগত ও বর্ণগত পটভূমির খেলোয়াড়দের সমন্বয়ে গড়া দলটি মাঠে দারুণ ছন্দে রয়েছে।

ফ্রান্সের জয়ের পর অমিতাভ বচ্চন সামাজিক মাধ্যমে লেখেন, “এই ফরাসি দলটায় ১১ জন ফুটবলার আছেন। এর মধ্যে ১০ জন কালো আর একজন সাদা। এটাই হলো কালো মানুষের শক্তি।”

পোস্টটি প্রকাশের পরই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় ব্যাপক সমালোচনা। অনেকের মতে, খেলোয়াড়দের দক্ষতা ও পারফরম্যান্সের পরিবর্তে তাদের গায়ের রঙকে সামনে এনে মন্তব্য করা অনুচিত। সমালোচকরা এটিকে বর্ণবিদ্বেষী ইঙ্গিতপূর্ণ এবং অপ্রয়োজনীয় মন্তব্য হিসেবে উল্লেখ করেছেন।

নেটিজেনদের একাংশ বলেন, জাতীয় দলের খেলোয়াড়দের মূল্যায়ন হওয়া উচিত তাদের যোগ্যতা, পারফরম্যান্স ও দলের জন্য অবদানের ভিত্তিতে, গায়ের রঙ বা জাতিগত পরিচয়ের ভিত্তিতে নয়। আবার অনেকে মন্তব্য করেছেন, অমিতাভ বচ্চনের মতো আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন একজন ব্যক্তিত্বের কাছ থেকে আরও দায়িত্বশীল ও সংবেদনশীল বক্তব্য প্রত্যাশিত ছিল।

অমিতাভ বচ্চনের ওই পোস্টকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে এখনও আলোচনা-সমালোচনা অব্যাহত রয়েছে।