বিনোদন
বিয়ের আগে ‘প্লেবয়’ জীবন কাটিইয়েছি, এত প্রেম করেছি যে হিসাবও নেই তার: রাম কাপুর
জনপ্রিয় ভারতীয় টেলিভিশন অভিনেতা রাম কাপুর অকপটে স্বীকার করেছেন, বিয়ের আগে তিনি ‘প্লেবয়’ জীবনযাপন করতেন এবং এত বেশি প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন যে তার হিসাব রাখা সম্ভব নয়।
সম্প্রতি একটি রিয়্যালিটি শোয়ে সহ-প্রতিযোগী শ্রেয়া কালরার প্রশ্নের জবাবে নিজের অতীত জীবন নিয়ে খোলামেলা কথা বলেন ‘বড়ে আচ্ছে লাগতে হ্যায়’ খ্যাত এই অভিনেতা।
তবে তিনি জানান, ২০০৩ সালে অভিনেত্রী গৌতমী কাপুরকে বিয়ে করার পর তার জীবনে বড় পরিবর্তন আসে। রামের ভাষায়, গত দুই দশকে তিনি আর কোনো সম্পর্কে জড়াননি এবং দাম্পত্য জীবনেই নিজেকে সম্পূর্ণ নিবেদিত রেখেছেন।
অতীতের একটি মজার স্মৃতিও তুলে ধরেন রাম কাপুর। তিনি বলেন, বিয়ের আগে তার ঘনিষ্ঠ বন্ধু ও প্রযোজক একতা কাপুর গৌতমীকে ফোন করে তার অতীত সম্পর্কে সতর্ক করেছিলেন। একতা জানতে চেয়েছিলেন, এত মেয়ের সঙ্গে সম্পর্ক থাকা একজন মানুষকে জেনেশুনে কেন বিয়ে করছেন গৌতমী।
রাম বলেন, বন্ধু হিসেবে একতা যা করেছিলেন, তা একেবারেই যৌক্তিক ছিল। কারণ, সে সময় সত্যিই তার এমন জীবনযাপন ছিল।
রাম কাপুর ও গৌতমী কাপুরের প্রথম পরিচয় হয় ২০০০ সালে ‘ঘর এক মন্দির’ ধারাবাহিকের শুটিং সেটে। সেখান থেকেই বন্ধুত্ব, পরে প্রেম। প্রায় তিন বছর সম্পর্কে থাকার পর ২০০৩ সালের ১৪ ফেব্রুয়ারি, ভালোবাসা দিবসে তারা বিয়ে করেন। বর্তমানে তাদের সংসারে সিয়া ও আক্স নামে দুই সন্তান রয়েছে।
অনুষ্ঠানে অনস্ক্রিন চুম্বনের দৃশ্য নিয়ে স্ত্রীর প্রতিক্রিয়া সম্পর্কেও কথা বলেন রাম কাপুর। সহ-অভিনেত্রী সাক্ষী তানওয়ারের সঙ্গে আলোচিত চুম্বনের দৃশ্যের প্রসঙ্গ টেনে তিনি জানান, গৌতমী এতে বিরক্ত হননি; বরং ভারতীয় টেলিভিশনের ইতিহাসে এমন একটি দৃশ্যের অংশ হতে পেরে তিনি গর্ব অনুভব করেছিলেন।
রামের মতে, একজন অভিনেতার দায়িত্ব হলো বাস্তব জীবনে তার সঙ্গীকে এমন আস্থা ও ভালোবাসা দেওয়া, যাতে পেশাগত কারণে করা কোনো দৃশ্য দাম্পত্য সম্পর্কে নিরাপত্তাহীনতা বা অবিশ্বাসের জন্ম না দেয়।
সূত্র: নিউজ১৮