বিনোদন

মাত্র ৩০০ টাকা নিয়ে বাড়ি ছাড়া তরুণ যশ আজ কোটি টাকার মালিক 


বিনোদন ডেস্ক
প্রকাশ: ১০ জুলাই ২০২৬, ০২:৫৬ পিএম

মাত্র ৩০০ টাকা নিয়ে বাড়ি ছাড়া তরুণ যশ আজ কোটি টাকার মালিক 
ছবিঃ সংগৃহীত

দক্ষিণ ভারতীয় সিনেমার জনপ্রিয় অভিনেতা যশ–এর জীবন যেন সংগ্রাম, সাহস আর স্বপ্নপূরণের এক অনন্য গল্প। ছোটবেলা থেকেই অভিনয়ের প্রতি প্রবল আগ্রহ ছিল তার। তবে অভিনয়কে পেশা হিসেবে নেওয়ার সিদ্ধান্তে পরিবারের সমর্থন পাননি। তবু স্বপ্নকে বাস্তবে রূপ দিতে মাত্র ৩০০ টাকা নিয়ে একদিন বাড়ি ছেড়ে বেঙ্গালুরুর উদ্দেশে রওনা হন।

শুরুর পথ মোটেও সহজ ছিল না। নতুন শহরে ছিল না কোনো পরিচিত মানুষ, ছিল না নিশ্চিত কাজের সুযোগও। জীবনের কঠিন সেই সময়ে বহু রাত তাকে ফুটপাতেই কাটাতে হয়েছে। এক সাক্ষাৎকারে যশ জানান, মাঝরাতে পুলিশের তাড়ায় ঘুম ভেঙে যাওয়ার অভিজ্ঞতাও রয়েছে তার। তখনই তিনি নিজের কাছে প্রতিজ্ঞা করেছিলেন—একদিন আর কখনো এমন অসহায় অবস্থায় ফিরতে হবে না।

স্বপ্নপূরণের পথে তিনি প্রথমে থিয়েটারে কাজ শুরু করেন। পরে ছোট ছোট চরিত্রে অভিনয় এবং টেলিভিশন নাটকে কাজের মাধ্যমে ধীরে ধীরে নিজের অবস্থান তৈরি করেন। এরপর কন্নড় চলচ্চিত্রে অভিনয়ের সুযোগ পান এবং সেখান থেকেই জনপ্রিয়তার যাত্রা শুরু হয়।

তবে সারা ভারতজুড়ে তিনি পরিচিতি পান ‘কেজিএফ’ সিরিজে ‘রকি ভাই’ চরিত্রে অভিনয়ের মাধ্যমে। সিনেমাটি শুধু বক্স অফিসে ব্যাপক সাফল্যই পায়নি, কন্নড় চলচ্চিত্রকে আন্তর্জাতিক পর্যায়েও নতুন উচ্চতায় নিয়ে গেছে।

কর্নাটকের একটি সাধারণ পরিবারে জন্ম নেওয়া যশের বাবা ছিলেন সরকারি বাসচালক। সীমিত আয়ের মধ্যেই চলত সংসার। একসময় তার বাবার দৈনিক আয় ছিল মাত্র ১৪ টাকা। কিন্তু ছেলে সুপারস্টার হওয়ার পরও তিনি অবসরের আগে পর্যন্ত নিজের চাকরি ছাড়েননি। যশের মতে, বাবার আত্মসম্মানবোধ ও কর্মনিষ্ঠাই তার জীবনের সবচেয়ে বড় অনুপ্রেরণা।

বর্তমানে যশ বেঙ্গালুরুর অভিজাত এলাকায় একটি বিলাসবহুল ডুপ্লেক্স বাড়িতে বসবাস করেন। তার গাড়ির সংগ্রহে রয়েছে মার্সিডিজ-বেঞ্জ, অডি ও বিএমডব্লিউসহ একাধিক বিলাসবহুল গাড়ি।

‘কেজিএফ’-এর সাফল্যের পর এখন তার নতুন দুই প্রকল্প ‘টক্সিক’ এবং ‘রামায়ণ’ নিয়ে দর্শকদের ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। ‘রামায়ণ’ সিনেমায় তিনি শুধু অভিনেতা নন, প্রযোজক হিসেবেও যুক্ত রয়েছেন। বিভিন্ন গণমাধ্যমের তথ্য অনুযায়ী, দুই পর্বে নির্মিত এই প্রকল্পের সম্ভাব্য বাজেট প্রায় ৪ হাজার কোটি টাকা, যা ভারতীয় চলচ্চিত্র ইতিহাসের অন্যতম ব্যয়বহুল সিনেমা হতে পারে।

গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, বর্তমানে যশের মোট সম্পদের পরিমাণ প্রায় ৫৩ কোটি রুপি। তার মাসিক আয় প্রায় ৫৫ থেকে ৬০ লাখ রুপি এবং বার্ষিক আয় ৭ থেকে ৮ কোটি রুপি। একটি সিনেমায় অভিনয়ের জন্য তিনি ২০ থেকে ২৫ কোটি রুপি পারিশ্রমিক নিয়ে থাকেন।

অভিনয়ের পাশাপাশি সমাজসেবামূলক কর্মকাণ্ডেও সক্রিয় যশ। তার নিজস্ব একটি স্বেচ্ছাসেবী সংস্থা রয়েছে। ব্যক্তিজীবনে তিনি অভিনেত্রী রাধিকা পণ্ডিত–এর স্বামী। তাদের দুই সন্তান—আইরা ও আয়ুশ। যশের মা–বাবাও বর্তমানে তাদের সঙ্গেই বসবাস করছেন।