বিনোদন
কেন সিনেমার গান থেকে সরে আসছেন, জানালেন অরিজিৎ নিজেই
চলচ্চিত্রে গান গাওয়া থেকে সরে আসার সিদ্ধান্ত নিয়ে অনুরাগীদের মধ্যে আলোড়ন তুলেছেন অরিজিৎ সিং। গায়কের এমন ঘোষণায় অনেকেই হতাশ হলেও, এই সিদ্ধান্তের পেছনের কারণ নিজেই স্পষ্ট করেছেন তিনি।
সিনেমায় অরিজিতের কণ্ঠ মানেই হিট গান—‘ধুরন্ধর’ ছবির ‘গহেরা হুয়া’ কিংবা বাংলা ছবি ‘লহ গৌরাঙ্গের নাম রে’-এর ‘ক্ষণে গোরাচাঁদ ক্ষণে কালা’ এখনও শ্রোতাদের মুখে মুখে ফেরে।আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিল্পীরাও তাঁর সঙ্গে গান গাওয়ার জন্য জিয়াগঞ্জে তাঁর বাড়িতে হাজির হন। এত সাফল্য ও সিনেমার প্লেব্যাক থেকে পাওয়া বিপুল অর্থ থাকা সত্ত্বেও কেন এমন সিদ্ধান্ত?
নিজের এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলে অরিজিৎ লিখেছেন, এই সিদ্ধান্ত নেওয়ার কথা তিনি অনেক দিন ধরেই ভাবছিলেন। অবশেষে সাহস সঞ্চয় করে সেটি প্রকাশ্যে এনেছেন। তাঁর কথায়, তিনি খুব সহজেই একঘেয়েমিতে ভোগেন। সে কারণেই মঞ্চে গান পরিবেশনের সময় বারবার অ্যারেঞ্জমেন্ট বদলান। কিন্তু দীর্ঘদিন ধরে একই ধারায় কাজ করতে করতে তিনি ক্লান্ত হয়ে পড়েছেন এবং নতুন ধরনের সঙ্গীতের সন্ধানে বের হতে চান।
এ প্রসঙ্গে অরিজিৎ আরও জানান, তিনি এখন নতুন প্রজন্মের গায়ক-গায়িকাদের গান শুনতে চান—যাঁদের সৃষ্টিশীলতা তাঁকে অনুপ্রাণিত করতে পারে। তবে গান থেকে তিনি সরে যাচ্ছেন না, বিষয়টি পরিষ্কার করে দিয়েছেন নিজেই। চলতি বছরে তাঁর আগেই রেকর্ড করা বেশ কিছু নতুন গান প্রকাশ পেতে পারে বলেও জানিয়েছেন।
উল্লেখ্য, রিয়্যালিটি শোর মাধ্যমে সংগীতজগতে যাত্রা শুরু করেছিলেন অরিজিৎ সিং। মাঝখানে কিছু সময় আড়ালেও ছিলেন তিনি। সে সময় সুরকার প্রীতম চক্রবর্তীর কাছে কাজ শিখেছেন। পরে হিন্দি, বাংলা-সহ একাধিক ভাষার সিনেমায় গান গেয়ে নিজেকে শীর্ষে পৌঁছে দেন। এবার সেই সিনেমার প্লেব্যাকের অধ্যায়ে আপাতত ইতি টানার সিদ্ধান্ত নিলেন জনপ্রিয় এই শিল্পী।