সারাবিশ্ব
ভারতের ত্রিপুরায় পূজা ও মেলার চাঁদা নিয়ে ভয়াবহ সংঘর্ষ, ইন্টারনেট বন্ধ
ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরার উনকোটি জেলায় পূজা ও মেলার চাঁদা দাবি করাকে কেন্দ্র করে দুই সম্প্রদায়ের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৫-৬ জন আহত হয়েছেন এবং বেশ কিছু ঘরবাড়ি ও দোকানে অগ্নিসংযোগ করা হয়েছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে ওই এলাকায় ৪৮ ঘণ্টার জন্য মোবাইল ইন্টারনেট সেবা বন্ধ করে দেওয়া হয়েছে।
স্থানীয় সংবাদমাধ্যম ও পুলিশ সূত্রে জানা গেছে, আগামী ২৪-২৬ জানুয়ারি অনুষ্ঠেয় ঐতিহ্যবাহী 'ভৈরব মেলা' সামনে রেখে উনকোটি জেলার ফটিকরয় থানা এলাকার কুমারঘাটে চাঁদা সংগ্রহ করা হচ্ছিল। শনিবার সাইদারপার গ্রামে মোসাব্বির আলী নামে এক ব্যক্তির কাঠবোঝাই গাড়ি আটকে মেলার চাঁদা দাবি করাকে কেন্দ্র করে বাগবিতণ্ডা শুরু হয়।
পরবর্তীতে শিমুলতলা এলাকায় এক পরিবার চাঁদা দিতে অস্বীকৃতি জানালে উত্তেজনা চরম আকার ধারণ করে। একপর্যায়ে তা সাম্প্রদায়িক সংঘাত ও পাল্টাপাল্টি হামলায় রূপ নেয়। উত্তেজিত জনতা কাঠের দোকান ও ঘরবাড়িতে আগুন দেয় এবং একটি উপাসনালয়ে ভাঙচুর চালায়।
সহিংসতা ছড়িয়ে পড়ার পর কুমারঘাট মহকুমা জুড়ে জেলা প্রশাসন কঠোর বিধিনিষেধ জারি করে। জনতাকে ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ করে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে ত্রিপুরা স্টেট রাইফেলস (টিএসআর) ও সিআরপিএফ মোতায়েন করা হয়েছে। আকাশপথে নজরদারির জন্য ড্রোন ব্যবহার করা হচ্ছে।
ত্রিপুরা পুলিশ সোশ্যাল মিডিয়ায় এক বিবৃতিতে জানিয়েছে, বর্তমানে পরিস্থিতি শান্ত ও নিয়ন্ত্রণে রয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে অন্তত ৮ জনকে আটক করা হয়েছে। গুজব ও উসকানিমূলক পোস্ট প্রতিরোধে এলাকায় ইন্টারনেট বন্ধ রাখা হয়েছে এবং নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে ‘ফ্ল্যাগ মার্চ’ পরিচালনা করা হচ্ছে।