সারাবিশ্ব

পতাকায় মোড়ানো ছোট্ট ছোট্ট কফিন, ১৬৮ স্কুলছাত্রীর জানাজায় কাঁদল ইরান


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ০৩ মার্চ ২০২৬, ০৭:৪১ পিএম

পতাকায় মোড়ানো ছোট্ট ছোট্ট কফিন, ১৬৮ স্কুলছাত্রীর জানাজায় কাঁদল ইরান
ছবি: সংগৃহীত

মার্কিন-ইসরায়েলি হামলায় দক্ষিণ ইরানের মিনাব শহরে একটি প্রাথমিক বালিকা বিদ্যালয়ে ১৬৮ শিশু এবং ১৪ জন শিক্ষক নিহত হন।

মঙ্গলবার (৩ মার্চ) নিহতদের জানাজা ও শোক মিছিলে হাজার হাজার মানুষের ঢল নামে। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাতে এ তথ্য জানিয়েছে সিএনএন।

জানাজার ভিডিও এবং ছবিতে দেখা যায়, ইরানের পতাকায় মোড়ানো ছোট ছোট কফিন ঘিরে অশ্রুসজল চোখে ভিড় করে আছেন শোকার্ত মানুষ। তাদেরকে সমস্বরে দোয়া পড়তে দেখা যায়। শোকের এই মিছিলে অনেকের হাতে ছিল নিহত শিশুদের ছবি, যাদের কয়েকজনের বয়স কেবল সাত।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে সোমবার নিহত শিশুদের জন্য সদ্য খোঁড়া সারি সারি কবরের ছবি পোস্ট করে এই হত্যাকাণ্ডের জন্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে সরাসরি  দায়ী করেন।

পররাষ্ট্রমন্ত্রী লেখেন, ‘এই কবরগুলো সেই ১৬০ জনের বেশি নিষ্পাপ ছোট মেয়ের জন্য খোঁড়া হচ্ছে, যারা একটি প্রাথমিক বিদ্যালয়ে মার্কিন-ইসরায়েলি বোমা হামলায় প্রাণ হারিয়েছে। তাদের দেহগুলো ছিন্নভিন্ন হয়ে গিয়েছিল।’

এ ঘটনায় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্ক রুবিও সাংবাদিকদের জানান, যুক্তরাষ্ট্র ‘ইচ্ছাকৃতভাবে কোনো স্কুলকে লক্ষ্যবস্তু করবে না। যদি এটি আমাদের হামলা হয়ে থাকে, তাহলে প্রতিরক্ষা বিভাগ বিষয়টি তদন্ত করে দেখবে।’

উল্লেখ্য, পারমাণবিক কর্মসূচি নিয়ে চলমান আলোচনা নাটকীয়ভাবে ভেস্তে যাওয়ার জেরে ইরানের ওপর স্মরণকালের ভয়াবহতম ও আকস্মিক আকাশপথের হামলা করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। শনিবার (২৮ ফেব্রুয়ারি) ভোর থেকে শুরু হয় এই যৌথ সামরিক অভিযান।