সারাদেশ
নওগাঁয় শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে অটোরিকশায় মাইকিং, গ্রেপ্তার ২
নওগাঁর মান্দায় শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে অটোরিকশায় মাইকিংয়ের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আফজাল হোসেন মাইকিংয়ের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, গতকাল মান্দা উপজেলার শেষ সীমানায় কামারপাড়ার কাছাকাছি এলাকায় এ ঘটনা ঘটে। একটি অটোরিকশায় করে খুব অল্প সময়ের জন্য মাইকিং করা হয়। মাইকিংয়ের সঙ্গে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করা হয়েছে বলেও জানান তিনি।
ওসি আরও জানান, এ ঘটনায় মান্দা আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন উপজেলার নবগ্রাম তালপাড়া গ্রামের ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ নেতা আব্দুল জলিল সরকার, বয়স ৫০ বছর এবং কাশোপাড়া ইউনিয়ন ছাত্রলীগ নেতা শহিদুল ইসলাম শহীদ, বয়স ৪৩ বছর।
গত ২৩ অক্টোবর সামাজিক যোগাযোগমাধ্যমে মাইকিংয়ের একটি ভিডিও ছড়িয়ে পড়ে। ওই ভিডিওতে আগামী ডিসেম্বরে শেখ হাসিনা দেশে ফিরবেন বলে প্রচার করা হয়। একই সঙ্গে তাকে স্বাগত জানানোর আহ্বান জানানো হয়।