সারাবিশ্ব

পাকিস্তানের বিরুদ্ধে আফগানদের বিক্ষোভ


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ০৫ মার্চ ২০২৬, ০৪:১১ পিএম

পাকিস্তানের বিরুদ্ধে আফগানদের বিক্ষোভ
ছবি: সংগৃহীত

পাকিস্তানের বিরুদ্ধে আফগানিস্তানের সীমান্তবর্তী বিভিন্ন প্রদেশে বিক্ষোভ করেছেন শত শত আফগান নাগরিক। তারা বেসামরিক মানুষ হত্যার অভিযোগ তুলে পাকিস্তানের নিন্দা জানান এবং সীমান্তে লড়াইরত আফগান সেনাদের প্রতি সমর্থন প্রকাশ করেন। এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি।

বিক্ষোভকারীরা অনেক জায়গায় সেনাদের ফুলের মালা পরিয়ে সম্মান জানান। একই সঙ্গে সীমান্তে চলমান সংঘর্ষে নিহত বেসামরিক মানুষের জন্য শোক ও প্রতিবাদ জানান তারা।

জাতিসংঘের তথ্য অনুযায়ী, গত এক সপ্তাহ ধরে আফগানিস্তান–পাকিস্তান সীমান্তে চলা সংঘর্ষে কয়েক ডজন আফগান বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এতে হাজার হাজার মানুষ নিজেদের ঘরবাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিতে বাধ্য হয়েছেন।

পূর্বাঞ্চলীয় পাকতিয়া প্রদেশের রাজধানী গারদেজে স্থানীয় বাসিন্দারা বিক্ষোভে অংশ নেন। সেখানে কেউ কেউ তালেবান সরকারের সাদা পতাকা নাড়িয়ে প্রতিবাদ জানান।

বিক্ষোভকারীরা বলেন, আফগান বেসামরিক নাগরিকদের ওপর পাকিস্তানের হামলার প্রতিবাদ জানাতেই তারা গারদেজে জড়ো হয়েছেন। তিনি বলেন, নিজেদের ভূমি রক্ষার জন্যই তারা রাস্তায় নেমেছেন।

আফগানিস্তানে জাতিসংঘ মিশনের তথ্য অনুযায়ী, গত ২৬ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া সংঘর্ষে শিশুসহ অন্তত ৪২ জন বেসামরিক নাগরিক নিহত এবং ১০৪ জন আহত হয়েছেন।

বেসামরিক হতাহতের বিষয়ে পাকিস্তানের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক মন্তব্য আসেনি। তবে ইসলামাবাদ দাবি করেছে, তাদের সেনারা সংঘর্ষে ৪৩০ জনের বেশি আফগান সেনাকে হত্যা করেছে।

অন্যদিকে আফগানিস্তান জানিয়েছে, এই সংঘর্ষে পাকিস্তানের প্রায় ১৫০ সেনা নিহত হয়েছে। তবে উভয় পক্ষের এই দাবিগুলো স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

পাকিস্তানের একটি বিমান হামলার পর প্রতিশোধমূলক পদক্ষেপ হিসেবে আফগান বাহিনী সীমান্ত এলাকায় অভিযান চালালে নতুন করে সংঘর্ষ শুরু হয়। পাকিস্তান দাবি করেছে, ওই বিমান হামলায় জঙ্গিদের লক্ষ্যবস্তু করা হয়েছিল।

সংঘর্ষে ক্ষতিগ্রস্ত খোস্ত প্রদেশের গুরবুজ জেলাতেও বিক্ষোভ অনুষ্ঠিত হয়। সেখানে স্থানীয়রা নিহতদের স্মরণে প্রতিবাদ কর্মসূচি পালন করেন।