সারাবিশ্ব

বিশ্বজুড়ে দ্রুত ছড়িয়ে পড়ছে ‘মানুষখেকো’ ছত্রাক, শঙ্কায় বিজ্ঞানীরা


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ০৬ জুলাই ২০২৬, ০৩:৫৯ পিএম

বিশ্বজুড়ে দ্রুত ছড়িয়ে পড়ছে ‘মানুষখেকো’ ছত্রাক, শঙ্কায় বিজ্ঞানীরা
ছবি: সংগৃহীত

বিশ্বজুড়ে দ্রুত ছড়িয়ে পড়ছে মানবদেহের জন্য মারাত্মক এক ধরনের ছত্রাক সংক্রমণ, যা শরীরের ভেতর থেকেই ক্ষয় সৃষ্টি করতে পারে। বৈশ্বিক উষ্ণতার প্রভাবে ভবিষ্যতে এ ঝুঁকি আরও বাড়তে পারে বলে সতর্ক করেছেন গবেষকরা। বিষয়টি নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে সিএনএন।

ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় দেখা গেছে, জলবায়ু পরিবর্তনের কারণে ‘অ্যাসপারজিলাস’ নামের ছত্রাক উত্তর আমেরিকা, ইউরোপ, চীন ও রাশিয়ার নতুন নতুন অঞ্চলে বিস্তার লাভ করতে পারে। এই ছত্রাক ফুসফুসে সংক্রমণ ঘটিয়ে ‘অ্যাসপারজিলোসিস’ নামে গুরুতর রোগ সৃষ্টি করে।

গবেষকদের মতে, সাধারণ অবস্থায় সুস্থ মানুষের শরীরেও এ ছত্রাকের স্পোর প্রবেশ করতে পারে। তবে হাঁপানি, সিওপিডি, ক্যানসার, অঙ্গ প্রতিস্থাপন করা রোগী কিংবা যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল, তাদের জন্য এটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ।

গবেষণার সহ-লেখক নর্মান ভ্যান রেইন জানান, শরীরের প্রতিরোধ ব্যবস্থা দুর্বল হয়ে পড়লে ছত্রাক শরীরের ভেতরে বৃদ্ধি পেতে থাকে এবং ধীরে ধীরে ভেতর থেকে ক্ষতি করতে শুরু করে। অ্যাসপারজিলোসিসে মৃত্যুহার ২০ থেকে ৪০ শতাংশ পর্যন্ত হতে পারে বলেও উল্লেখ করা হয়েছে।

গবেষণায় আরও বলা হয়েছে, বৈশ্বিক উষ্ণতা অব্যাহত থাকলে ‘অ্যাসপারজিলাস ফিউমিগেটাস’ ২১০০ সালের মধ্যে প্রায় ৭৭ শতাংশ বেশি এলাকায় ছড়িয়ে পড়তে পারে। এতে শুধু ইউরোপেই প্রায় ৯০ লাখ মানুষ ঝুঁকির মধ্যে পড়তে পারেন।

অন্যদিকে ‘অ্যাসপারজিলাস ফ্ল্যাভাস’ উত্তর আমেরিকা, উত্তর চীন ও রাশিয়ার নতুন অঞ্চলে বিস্তার লাভ করতে পারে। এই ছত্রাক শুধু মানুষের শরীরেই নয়, খাদ্যশস্যেও সংক্রমণ ঘটায় এবং অনেক অ্যান্টিফাঙ্গাল ওষুধের বিরুদ্ধেও প্রতিরোধ গড়ে তুলতে সক্ষম।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা ইতোমধ্যে ‘অ্যাসপারজিলাস ফ্ল্যাভাস’কে জনস্বাস্থ্যের জন্য গুরুতর ঝুঁকিপূর্ণ ছত্রাক হিসেবে তালিকাভুক্ত করেছে।

এদিকে যুক্তরাষ্ট্রে ১০ কোটির বেশি রোগীর তথ্য বিশ্লেষণে দেখা গেছে, ২০১৩ থেকে ২০২৩ সালের মধ্যে ২০ হাজারের বেশি অ্যাসপারজিলোসিস সংক্রমণ শনাক্ত হয়েছে। গবেষণার প্রধান অধ্যাপক জাস্টিন রেমেইস জানান, প্রতি বছর গড়ে প্রায় ৫ শতাংশ হারে এ রোগের সংক্রমণ বাড়ছে।

বিশেষজ্ঞদের মতে, ছত্রাকজনিত রোগ সম্পর্কে সচেতনতা এখনও কম। তবে জলবায়ু পরিবর্তনের প্রভাবে এ ধরনের সংক্রমণ আরও বৃদ্ধি পেতে পারে। তাই দ্রুত গবেষণা, নজরদারি ও কার্যকর চিকিৎসা ব্যবস্থা জোরদার করা জরুরি।