সারাবিশ্ব
ইতালিতে ৬ ঘণ্টা আটকে বাংলাদেশ বিমানের ফ্লাইট, ভোগান্তিতে ২৫৬ যাত্রী
টরন্টো থেকে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট ইতালির ফিউমিচিনো বিমানবন্দরে প্রায় ৬ ঘণ্টা ধরে আটকে রয়েছে। নির্ধারিত জ্বালানি নেওয়ার বিরতির সময় উড়োজাহাজটিতে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ায় এই পরিস্থিতির সৃষ্টি হয়।
জানা গেছে, ২৫৬ জন যাত্রী নিয়ে বিজি ৩০৬ ফ্লাইটটি স্থানীয় সময় বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেল ৫টার দিকে টরন্টো থেকে ছেড়ে আসে। পরদিন শুক্রবার স্থানীয় সময় সকাল ৭টা ২০ মিনিটের দিকে জ্বালানি নেওয়ার জন্য ইতালির ফিউমিচিনো বিমানবন্দরে অবতরণ করে।
অবতরণের পর যাত্রীদের জানানো হয়, উড়োজাহাজটিতে যান্ত্রিক সমস্যা দেখা দিয়েছে এবং এটি মেরামত না করা পর্যন্ত যাত্রা পুনরায় শুরু করা সম্ভব নয়। এতে যাত্রীদের মধ্যে উদ্বেগ ও ভোগান্তি তৈরি হয়।
যাত্রীরা জানান, স্থানীয় সময় দুপুর প্রায় ১টা ৩০ মিনিট পর্যন্ত উড়োজাহাজটি মাটিতেই অবস্থান করছিল। তবে কখন ফ্লাইটটি আবার যাত্রা শুরু করবে, সে বিষয়ে নিশ্চিতভাবে কিছু জানানো হয়নি বলে অভিযোগ করেছেন তারা।