সারাবিশ্ব
যন্তর মন্তরে আবারও সংঘর্ষ: ইন্টারনেট সেবা বন্ধ, আহত একাধিক পুলিশ সদস্য
ভারতে নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে নয়াদিল্লির যন্তর মন্তরে আবারও উত্তেজনা ছড়িয়েছে। বুধবার রাতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ ও লাঠিচার্জ করে পুলিশ। একই সঙ্গে এলাকার কিছু অংশে ইন্টারনেট সেবাও সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।
পুলিশের অভিযোগ, টলস্টয় মার্গ এলাকায় বিক্ষোভকারীদের একটি অংশ নিরাপত্তাকর্মীদের লক্ষ্য করে পাথর নিক্ষেপ করে। এতে অন্তত দুইজন সহকারী পুলিশ কমিশনারসহ কয়েকজন পুলিশ সদস্য আহত হন। আহতদের দ্রুত হাসপাতালে নেওয়া হয়েছে। তাদের শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল বলে জানিয়েছে পুলিশ।
পুলিশের দাবি, বিক্ষোভস্থলে কিছু সমাজবিরোধী ব্যক্তি প্রবেশ করে পরিস্থিতি অস্থির করে তোলে। তারা পুলিশের ওপর হামলা চালানোর পাশাপাশি পাথর নিক্ষেপ করে এবং ককরোচ জনতা পার্টির নেতাদের নির্দেশও উপেক্ষা করে।
সংঘর্ষের জেরে যন্তর মন্তর ও আশপাশের এলাকায় উত্তেজনা আরও বেড়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিপুল সংখ্যক নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে। সন্ধ্যার পর থেকে একাধিক দফায় সংঘর্ষ ও পাথর নিক্ষেপের ঘটনা ঘটায় এলাকাজুড়ে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।
এদিকে, ইন্ডিয়া গেট সংলগ্ন এলাকাতেও বিপুল সংখ্যক মানুষের সমাগম দেখা গেছে। কয়েকটি স্থানে বিক্ষোভকারীদের একাংশ নিরাপত্তাকর্মীদের লাঠি কেড়ে নিয়ে হামলা চালিয়েছে বলেও অভিযোগ করেছে পুলিশ।
নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদ এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে গত ৬ জুন থেকে যন্তর মন্তরে অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছে ককরোচ জনতা পার্টি। একই মঞ্চে গত ২৮ জুন থেকে অনশন শুরু করেন সমাজকর্মী সোনম ওয়াংচুক। পরে তাকে সাদা পোশাকধারী পুলিশ বিক্ষোভস্থল থেকে সরিয়ে সফদরজঙ্গ হাসপাতালে ভর্তি করলেও তিনি অনশন অব্যাহত রাখেন।
সূত্র: আনন্দবাজার পত্রিকা