জাতীয়

রাষ্ট্রীয় স্বীকৃতি পাচ্ছেন মাদ্রাসা শিক্ষার্থীরা, পালিত হবে ‘মাদ্রাসা রেজিস্ট্যান্স ডে’


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২১ জুলাই ২০২৫, ১১:৪৬ এএম

রাষ্ট্রীয় স্বীকৃতি পাচ্ছেন মাদ্রাসা শিক্ষার্থীরা, পালিত হবে ‘মাদ্রাসা রেজিস্ট্যান্স ডে’
ছবি: সংগৃহীত

জুলাই অভ্যুত্থানে গুলির মুখে বুক পেতে যে সাহসিকতা দেখিয়েছিলেন দেশের মাদ্রাসা শিক্ষার্থীরা, এবার সেই আত্মত্যাগ পাচ্ছে রাষ্ট্রীয় স্বীকৃতি। ঐতিহাসিক এই ভূমিকার স্মরণে আজ সোমবার (২১ জুলাই) প্রথমবারের মতো রাষ্ট্রীয়ভাবে পালন করা হবে ‘মাদ্রাসা রেজিস্ট্যান্স ডে’।

দিনটি ঘিরে রাজধানীর যাত্রাবাড়ীতে নেওয়া হয়েছে ব্যাপক কর্মসূচি।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয় এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির যৌথ আয়োজনে এই দিবস পালন করা হবে। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, যাত্রাবাড়ীর ইবনে সিনা হাসপাতালসংলগ্ন রাজপথে অনুষ্ঠানটি আয়োজনের প্রস্তুতি ইতোমধ্যে চূড়ান্ত পর্যায়ে রয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, এই অনুষ্ঠানের মধ্য দিয়ে সরকার প্রথমবারের মতো মাদ্রাসা শিক্ষার্থীদের বীরত্বপূর্ণ ভূমিকাকে আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে যাচ্ছে। অনুষ্ঠানে রাষ্ট্রীয় অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সরকারের শিক্ষা উপদেষ্টা ড. সি আর আবরার। এছাড়াও থাকবেন মন্ত্রণালয়ের অন্যান্য উপদেষ্টা, সচিব এবং দেশের বিশিষ্ট শিক্ষাবিদ, সাহিত্যিক ও সংস্কৃতিকর্মীরা।

অনুষ্ঠান শুরু হবে বিকেল ৩টায় এবং চলবে রাত ১১টা পর্যন্ত। এ সময় শহীদ পরিবারের স্মৃতিচারণ, আহতদের অভিজ্ঞতা বর্ণনা, এবং ২০১৩, ২০২১ ও ২০২৪ সালের ফ্যাসিবাদবিরোধী ছাত্র-আন্দোলনের দলিল-দস্তাবেজ ভিত্তিক আলোচনা অনুষ্ঠিত হবে। কবিতা আবৃত্তি, হামদ, নাত ও নাশিদের পাশাপাশি পরিবেশিত হবে দ্রোহের গান। প্রদর্শন করা হবে দুটি তথ্যচিত্র—‘ছত্রিশে জুলাই’ ও ‘সাদা জোব্বা, লাল রক্ত’। আরও থাকবে ‘প্রতিরোধ ও পুনর্জাগরণের প্রতীকী উপস্থাপনা’, ড্রোন শো এবং আন্দোলনকালীন জনপ্রিয় স্লোগানের পরিবেশন।

প্রসঙ্গত, ২১ জুলাইয়ের অভ্যুত্থানে রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় সহিংস দমন-পীড়নের সময় মাদ্রাসা শিক্ষার্থীরা সামনে থেকে নেতৃত্ব দেন। গুলির মুখেও তাঁরা পিছু হটেননি। শহীদ হয়েছেন অনেকেই, আহত হয়েছেন আরও অনেকে। সেই রক্তাক্ত স্মৃতিকে ধরে রাখতেই এবার থেকে প্রতিবছর ২১ জুলাই পালন করা হবে ‘মাদ্রাসা রেজিস্ট্যান্স ডে’।