জাতীয়

জুলাই শহীদদের জাতীয় বীর ঘোষণা


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৫ আগস্ট ২০২৫, ০৮:০৩ পিএম

জুলাই শহীদদের জাতীয় বীর ঘোষণা
ছবি: সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থানে প্রাণ হারানো সকল শহীদকে জাতীয় বীর হিসেবে ঘোষণা করেছে অন্তর্বর্তীকালীন সরকার। পাশাপাশি শহীদদের পরিবার, আহত যোদ্ধা এবং আন্দোলনে অংশ নেওয়া ছাত্রজনতার জন্য প্রয়োজনীয় সকল আইনি সুরক্ষা নিশ্চিত করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৫ আগস্ট) বিকেলে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে ‘৩৬ জুলাই উদ্‌যাপন’ শীর্ষক এক জনসমাবেশে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস এই ঐতিহাসিক ঘোষণা দেন। তিনি ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ করেন, যেখানে ঘোষণার ২৪ নম্বর ধারায় শহীদদের এই মর্যাদা ও নিরাপত্তার বিষয়টি স্পষ্টভাবে উল্লেখ করা হয়।

ঘোষণাপত্রে বলা হয়েছে: “বাংলাদেশের জনগণ জুলাই গণ-অভ্যুত্থানের সকল শহীদদের জাতীয় বীর হিসেবে ঘোষণা করে শহীদদের পরিবার, আহত যোদ্ধা এবং আন্দোলনকারী ছাত্রজনতাকে প্রয়োজনীয় সকল আইনি সুরক্ষা দেওয়ার অভিপ্রায় ব্যক্ত করছে।”

এ ঘোষণা শুধু একটি আনুষ্ঠানিক স্বীকৃতি নয়, বরং জাতির ইতিহাসে এক নতুন অধ্যায় যুক্ত করল। আন্দোলনে অংশগ্রহণকারীরা এটিকে গণ-অধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠার স্বীকৃতি হিসেবে দেখছেন।

উল্লেখ্য, এই ঘোষণার মধ্য দিয়ে সরকার আন্দোলনের সঙ্গে জড়িতদের মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে একটি নীতিগত অবস্থান প্রকাশ করল। পরবর্তীতে এটি সাংবিধানিকভাবে সংযুক্ত করার কথাও ঘোষণাপত্রে উঠে এসেছে।