জাতীয়

ইসির প্রাথমিক যাচাই-বাছাইয়ে উত্তীর্ণ এনসিপিসহ ১৬টি দল


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১০ আগস্ট ২০২৫, ০৭:৪২ পিএম

ইসির প্রাথমিক যাচাই-বাছাইয়ে উত্তীর্ণ এনসিপিসহ ১৬টি দল
ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)সহ মোট ১৬টি নতুন রাজনৈতিক দল নির্বাচন কমিশনের (ইসি) প্রাথমিক যাচাই-বাছাইয়ে উত্তীর্ণ হয়েছে। এখন মাঠ পর্যায়ে যাচাই-বাছাইয়ের পর চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে কমিশন।

নির্বাচন কমিশন গত ২০ এপ্রিল নতুন রাজনৈতিক দল নিবন্ধনের জন্য আবেদন আহ্বান করে। পরে ৪৬টি দলের অনুরোধে আবেদন জমা দেওয়ার সময়সীমা ২২ জুন পর্যন্ত বাড়ানো হয়। এই বর্ধিত সময়ের মধ্যে মোট ১৪৭টি দল নিবন্ধনের আবেদন করে, যার মধ্যে তিনটি দল একাধিকবার আবেদন জমা দেয়।

প্রাথমিক যাচাই-বাছাইয়ে দেখা যায়, সব দলের আবেদনপত্রেই প্রয়োজনীয় কাগজপত্রে ঘাটতি রয়েছে। এ কারণে ইসি ১৫ দিনের সময়সীমা দিয়ে দলগুলোকে নথি সম্পূর্ণ করার নির্দেশ দেয়। নির্ধারিত সময়ে ৮০টি দল প্রয়োজনীয় কাগজপত্র জমা দিলেও, ছয়টি দল বাদে বাকিরা অতিরিক্ত সময়ের আবেদন করে।

উল্লেখ্য, ২০০৮ সাল থেকে ‘প্রতিনিধিত্ব আদেশ’ (আরপিও) অনুযায়ী রাজনৈতিক দলের নিবন্ধন প্রক্রিয়া চালু করে নির্বাচন কমিশন। বর্তমানে দেশে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা ৫০টি।