জাতীয়
শেষ দিনে নির্বাচন কমিশনে উপচে পড়া ভিড়, ১৩১ প্রার্থীর আপিল
রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সামনে শুক্রবার (৯ জানুয়ারি) রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে প্রার্থিতা ফিরে পাওয়ার জন্য দিনভর উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। শেষ দিনে সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত কেন্দ্রীয় আপিল বুথে মোট ১৩১ জন মনোনয়নপ্রার্থী আবেদন জমা দিয়েছেন।
কেন্দ্রীয় বুথের কর্মকর্তা জানান, বিকেল ৫টার সময় শেষ হলেও যারা আগে পৌঁছেছেন তাদের আপিল গ্রহণ করতে সময় বাড়ানো হয়েছে। নির্বাচন কমিশনের জনসংযোগ শাখার পরিচালক রুহুল আমিন মল্লিক জানিয়েছেন, সময় শেষ হলেও উপস্থিত সকল প্রার্থীর আপিল গ্রহণ করা হবে।
গত চার দিনে নির্বাচন কমিশনে মোট ৪৬৯টি আপিল জমা পড়েছে। এর মধ্যে বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সর্বোচ্চ ১৭৪টি আবেদন আসে। আপিলগুলোর মধ্যে ১৬৪টি মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে, ১০টি গ্রহণের সিদ্ধান্তের বিরুদ্ধে করা হয়েছে।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, আপিলের শুনানি আগামী ১০ থেকে ১৮ জানুয়ারি আগারগাঁওয়ের নির্বাচন ভবনের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে। প্রতিদিন গড়ে প্রায় ৭০টি করে আপিলের শুনানি নেওয়ার পরিকল্পনা রয়েছে।
প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। এরপর ২১ জানুয়ারি চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ করা হবে। নির্বাচনী প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি এবং ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ ফেব্রুয়ারি।