জাতীয়

মাদরাসায় বলাৎকার, কঠোর সিদ্ধান্ত নিতে যাচ্ছে সরকার: ধর্মমন্ত্রী


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৬, ০৫:২৩ পিএম

মাদরাসায় বলাৎকার, কঠোর সিদ্ধান্ত নিতে যাচ্ছে সরকার: ধর্মমন্ত্রী
ছবি: সংগৃহীত

মাদরাসায় বলাৎকার ও অশালীন কর্মকাণ্ডের ঘটনাকে দুঃখজনক উল্লেখ করে ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে সরকার কঠোর ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ।

শনিবার ২৪ অক্টোবর সকালে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির ত্রিবার্ষিক কাউন্সিল অধিবেশনে যোগ দেন তিনি।

সম্মেলন শেষে সাংবাদিকদের ধর্মমন্ত্রী জানান, মাদরাসার মতো পবিত্র স্থানে যাতে এ ধরনের গর্হিত ঘটনা না ঘটে, সে বিষয়ে ইমামদের সচেতনতামূলক বক্তব্য দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

এর আগে ইমাম সম্মেলনে দেশের বিভিন্ন স্থান থেকে আসা ইমামদের উদ্দেশে তিনি বলেন, কেউ যেন উসকানি দিয়ে দেশের ধর্মীয় সম্প্রীতি বিনষ্ট করতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।

ধর্মমন্ত্রী আরও বলেন, জুমার খুতবায় মাদক, সন্ত্রাসসহ বিভিন্ন অপকর্মের বিরুদ্ধে ইমামদের জোরালো বক্তব্য দিতে হবে। সমাজে ইমামদের গ্রহণযোগ্যতা রয়েছে। তাই সামাজিক অপরাধ প্রতিরোধে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।

এ সময় ইমাম সমিতির নেতারা বেতন ও ভাতা বৃদ্ধি এবং নিজেদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন।