জাতীয়

নির্বাচন উপলক্ষে মঙ্গলবার মধ্যরাত থেকে মোটরসাইকেল চলাচল বন্ধ


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ১০:১৭ পিএম

নির্বাচন উপলক্ষে মঙ্গলবার মধ্যরাত থেকে মোটরসাইকেল চলাচল বন্ধ
ছবি: সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে সারা দেশে যানবাহন চলাচলে বিধিনিষেধ আরোপ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এর আওতায় মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) মধ্যরাত থেকে মোটরসাইকেল চলাচল বন্ধ করা হচ্ছে।

নির্বাচন কমিশনের নির্বাচন পরিচালনা-২ অধিশাখা থেকে গত ২৭ জানুয়ারি জারি করা এক বিজ্ঞপ্তিতে এ সংক্রান্ত নির্দেশনা দেওয়া হয়। এতে উপসচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষর করেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্বাচন অনুষ্ঠিত হওয়ার দিন ১২ ফেব্রুয়ারি ট্রাক, মাইক্রোবাস, পিকআপ ও ট্যাক্সিক্যাব—এই চার ধরনের যানবাহন ২৪ ঘণ্টা চলাচল করতে পারবে না। এ নিষেধাজ্ঞা কার্যকর থাকবে ১১ ফেব্রুয়ারি রাত ১২টা থেকে ১২ ফেব্রুয়ারি রাত ১২টা পর্যন্ত।

এ ছাড়া নিরাপত্তা নিশ্চিত করতে ১০ ফেব্রুয়ারি রাত ১২টা থেকে ১৩ ফেব্রুয়ারি রাত ১২টা পর্যন্ত মোটরসাইকেল চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।

তবে এ নিষেধাজ্ঞার বাইরে থাকবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সশস্ত্র বাহিনী ও প্রশাসনের যানবাহন। পাশাপাশি জরুরি সেবা, চিকিৎসা সরঞ্জাম পরিবহন, সংবাদপত্রবাহী গাড়ি, বিমানবন্দরগামী যাত্রীদের যানবাহন, দূরপাল্লার বাস এবং নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা ও এজেন্টদের যানবাহন (রিটার্নিং কর্মকর্তার অনুমোদন ও স্টিকার প্রদর্শনের শর্তে) চলাচল করতে পারবে।

এছাড়া সংবাদকর্মী ও অনুমোদিত পর্যবেক্ষকরাও নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবেন।

নির্দেশনায় আরও বলা হয়েছে, জাতীয় মহাসড়ক, গুরুত্বপূর্ণ সংযোগ সড়ক ও স্থানীয় পরিস্থিতি বিবেচনায় সংশ্লিষ্ট জেলা ম্যাজিস্ট্রেট বা মেট্রোপলিটন পুলিশ কমিশনার প্রয়োজন অনুযায়ী এই নিষেধাজ্ঞা আরোপ বা শিথিল করতে পারবেন।