জাতীয়

আজ থেকে রেশনিং পদ্ধতিতে জ্বালানি তেল বিক্রি শুরু


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৮ মার্চ ২০২৬, ০৯:৩৫ এএম

আজ থেকে রেশনিং পদ্ধতিতে জ্বালানি তেল বিক্রি শুরু
ছবি: সংগৃহীত

দেশে দীর্ঘমেয়াদে জ্বালানি তেলের ঘাটতি এড়াতে আজ রোববার থেকে রেশনিং পদ্ধতিতে তেল বিক্রির সিদ্ধান্ত নিয়েছে সরকার। নতুন এই ব্যবস্থার আওতায় যানবাহনের ধরন অনুযায়ী নির্দিষ্ট পরিমাণ তেল বিক্রি করা হবে। বিষয়টি নিশ্চিত করেছেন জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

গত শুক্রবার (৬ মার্চ) রাজধানীর পরীবাগ এলাকায় একটি পেট্রল পাম্প পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, জ্বালানি তেলের সরবরাহ ও ব্যবহার সুষম রাখতে সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। এ বিষয়ে দেশের সব পেট্রল পাম্পকে লিখিত নির্দেশনা দেওয়া হবে বলেও জানান তিনি।

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, নতুন নির্দেশনা অনুযায়ী একটি মোটরসাইকেল দিনে সর্বোচ্চ ২ লিটার পেট্রল বা অকটেন নিতে পারবে। ব্যক্তিগত গাড়ির জন্য নির্ধারিত হয়েছে সর্বোচ্চ ১০ লিটার তেল।

এ ছাড়া স্পোর্টস ইউটিলিটি ভেহিক্যাল (এসইউভি) ও মাইক্রোবাস দিনে ২০ থেকে ২৫ লিটার পর্যন্ত তেল নিতে পারবে। পিকআপ ও লোকাল বাস প্রতিদিন ৭০ থেকে ৮০ লিটার ডিজেল সংগ্রহ করতে পারবে। অন্যদিকে দূরপাল্লার বাস, ট্রাক, কাভার্ডভ্যান বা কনটেইনারবাহী ট্রাকের জন্য দৈনিক ২০০ থেকে ২২০ লিটার জ্বালানি তেলের সীমা নির্ধারণ করা হয়েছে।

বিপিসি জানায়, দেশে ব্যবহৃত মোট জ্বালানি তেলের প্রায় ৯৫ শতাংশই বিদেশ থেকে আমদানি করতে হয়। বৈশ্বিক পরিস্থিতির কারণে অনেক সময় আমদানি প্রক্রিয়ায় বিলম্ব বা জটিলতা দেখা দেয়। পাশাপাশি বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে তেলের মজুদ নিয়ে নেতিবাচক খবর ছড়িয়ে পড়ায় ভোক্তাদের মধ্যে অতিরিক্ত চাহিদা তৈরি হয়েছে।

এই পরিস্থিতিতে তেলের অপচয় ও অতিরিক্ত মজুদ প্রতিরোধ এবং সরবরাহ স্বাভাবিক রাখতে সরকার রেশনিং পদ্ধতিতে তেল বিক্রির এই ব্যবস্থা চালু করেছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।