জাতীয়

সারা দেশের দোকানপাট ও শপিংমল রাত ৮টার মধ্যে বন্ধ রাখার সিদ্ধান্ত


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০২ এপ্রিল ২০২৬, ০১:২১ পিএম

সারা দেশের দোকানপাট ও শপিংমল রাত ৮টার মধ্যে বন্ধ রাখার সিদ্ধান্ত
ছবি: সংগৃহীত

দেশে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের চলমান উদ্যোগকে সমর্থন জানিয়ে নতুন সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি। সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, এখন থেকে রাজধানী ঢাকাসহ সারা দেশের দোকানপাট ও শপিংমল রাত ৮টার মধ্যে বন্ধ রাখা হবে।

বৃহস্পতিবার (২ এপ্রিল) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। এতে বলা হয়, আন্তর্জাতিক জ্বালানি সংকটের প্রেক্ষাপটে বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয় আনতে এবং সরকারি উদ্যোগকে সহায়তা করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি ও ঢাকা মহানগর দোকান ব্যবসায়ী মালিক সমিতির স্ট্যান্ডিং কমিটির যৌথ সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

তবে কিছু খাত এই নির্দেশনার বাইরে থাকবে। যেমন—হোটেল, ফার্মেসি, জরুরি সেবাদানকারী দোকান এবং কাঁচাবাজার আগের মতোই খোলা রাখা যাবে।

সংগঠনটি আশা করছে, এই সিদ্ধান্ত বাস্তবায়নের মাধ্যমে জ্বালানি সাশ্রয়ে ইতিবাচক প্রভাব পড়বে এবং দেশের বর্তমান পরিস্থিতি মোকাবিলায় সহায়ক হবে।