জাতীয়
সশস্ত্র বাহিনীকে আধুনিক চতুর্মাত্রিক বাহিনীতে গড়ে তোলার অঙ্গীকার রাষ্ট্রপতির
দেশের সশস্ত্র বাহিনীকে আধুনিক ও চতুর্মাত্রিক বাহিনী হিসেবে গড়ে তুলতে সরকার দৃঢ়ভাবে অঙ্গীকারবদ্ধ বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। তিনি বলেছেন, জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিরক্ষা পরিকল্পনা, প্রতিরোধ সক্ষমতা বৃদ্ধি এবং কৌশলগত সিদ্ধান্ত গ্রহণে ‘সবার আগে বাংলাদেশ’ নীতি অনুসরণ করা হচ্ছে। এই নীতির সফল বাস্তবায়নের মাধ্যমে সশস্ত্র বাহিনীর সামগ্রিক সক্ষমতা ও পেশাগত দক্ষতা আরও বৃদ্ধি পাবে।
রোববার সকালে ঢাকা সেনানিবাসে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের একান্নতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত দরবারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রাষ্ট্রপতি বলেন, সরকারের বিভিন্ন উদ্যোগ বাস্তবায়নের ফলে দেশের প্রতিরক্ষা ব্যবস্থা আরও আধুনিক, দক্ষ ও শক্তিশালী হয়ে উঠবে। একই সঙ্গে সেনাবাহিনীর বিশেষায়িত ইউনিট হিসেবে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের কার্যক্ষমতা ও পেশাগত মান আরও উন্নত হবে।
তিনি আরও বলেন, অতীতের সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে ভবিষ্যতেও প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের সদস্যরা সততা, নিষ্ঠা, শৃঙ্খলা ও সর্বোচ্চ পেশাদারিত্বের মাধ্যমে জনগণের আস্থা অটুট রাখবেন। পাশাপাশি রাষ্ট্রীয় দায়িত্ব পালনে তারা অনুকরণীয় ভূমিকা পালন করবেন বলেও আশা প্রকাশ করেন।
রাষ্ট্রপতি বলেন, আধুনিক প্রযুক্তির ব্যবহার, আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ এবং পেশাগত উৎকর্ষ অর্জনের মাধ্যমে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট আগামী দিনে নিজেদের সক্ষমতা আরও বাড়িয়ে দেশের নিরাপত্তা রক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রাখবে।