জাতীয়

সরকারি চাকরিতে ৫ লাখ পদে নিয়োগ নিয়ে সুখবর


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৭ জুলাই ২০২৬, ০৮:৩৫ পিএম

সরকারি চাকরিতে ৫ লাখ পদে নিয়োগ নিয়ে সুখবর
ছবি: সংগৃহীত

সরকারি চাকরিপ্রার্থীদের জন্য বড় সুখবর এসেছে। দেশের বিভিন্ন সরকারি দপ্তরে শূন্য পদ পূরণে ৬ মাস, ১ বছর ও ৫ বছর মেয়াদি বিশেষ কর্মপরিকল্পনা হাতে নিয়েছে সরকার। বর্তমানে অনুমোদিত পদের বিপরীতে ৫ লাখ ২১ হাজার ৯২২টি পদ খালি রয়েছে।

মঙ্গলবার (৭ জুলাই) জাতীয় সংসদের অধিবেশনে সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সাবিকুন্নাহারের এক লিখিত প্রশ্নের জবাবে এ তথ্য জানান জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী। অধিবেশনটি পরিচালনা করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

প্রতিমন্ত্রী জানান, ২০২৫ সাল পর্যন্ত সর্বশেষ হালনাগাদ তথ্য অনুযায়ী সরকারি অফিসগুলোতে মোট অনুমোদিত পদের সংখ্যা ১৯ লাখ ৮৬ হাজার ২৭২টি। এর মধ্যে বর্তমানে ৫ লাখের বেশি পদ শূন্য রয়েছে।

তিনি আরও জানান, নির্ধারিত কর্মপরিকল্পনা অনুযায়ী স্বচ্ছতা ও দ্রুততার সঙ্গে বিপুল সংখ্যক জনবল নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে। ইতোমধ্যে সব মন্ত্রণালয় ও বিভাগকে তাদের শূন্য পদের তথ্য, নিয়োগের বর্তমান অবস্থা এবং প্রয়োজনীয় চাহিদাপত্র পাঠানোর নির্দেশনা দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

এছাড়া দ্রুত সময়ের মধ্যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ এবং শূন্য পদ পূরণে সুনির্দিষ্ট পরিকল্পনা গ্রহণের জন্য সংশ্লিষ্ট সব মন্ত্রণালয় ও বিভাগকে অনুরোধ জানানো হয়েছে বলে সংসদে অবহিত করা হয়।