জাতীয়

রিজেন্টের সেই সাহেদ আবারও গ্রেপ্তার


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২০ জুলাই ২০২৬, ০৫:৩৮ পিএম

রিজেন্টের সেই সাহেদ আবারও গ্রেপ্তার
ছবি: সংগৃহীত

করোনাভাইরাস মহামারির সময় ভুয়া করোনা পরীক্ষার প্রতিবেদন ও নানা প্রতারণার ঘটনায় আলোচিত রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদকে পুনরায় গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (২০ জুলাই) দুপুরে রাজধানীর মিরপুরের ইসিবি চত্বর এলাকা থেকে তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসান বাসির।

পুলিশ জানায়, সাহেদের বিরুদ্ধে একটি সিআর মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ছিল। পল্লবী থানার অনুরোধে ক্যান্টনমেন্ট থানা পুলিশ তাকে আটক করে। পরবর্তীতে তাকে পল্লবী থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। জিজ্ঞাসাবাদ শেষে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলেও জানান সংশ্লিষ্ট কর্মকর্তা।

এর আগে, ২০২৪ সালের ৪ সেপ্টেম্বর জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের এক মাস পর জামিনে কারামুক্ত হন সাহেদ। তার বিরুদ্ধে প্রতারণা, জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন, অস্ত্র ও অর্থ পাচারসহ মোট ৩৫টি মামলা রয়েছে। এসব মামলায় ধাপে ধাপে জামিন পাওয়ার পর প্রায় চার বছর কারাভোগ শেষে তিনি মুক্তি পান।

করোনা মহামারির সময় ২০২০ সালের ৭ জুলাই র‍্যাব রাজধানীর উত্তরার রিজেন্ট হাসপাতালে অভিযান চালিয়ে ভুয়া করোনা পরীক্ষার রিপোর্ট জব্দ করে। এ ঘটনায় সাহেদসহ ১৭ জনের বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় মামলা দায়ের করা হয়।

এর নয় দিন পর ১৫ জুলাই সাতক্ষীরার সীমান্ত এলাকা থেকে সাহেদকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে নিয়ে উত্তরায় অভিযান চালিয়ে একটি অবৈধ অস্ত্র উদ্ধার করা হয়।

পরবর্তীতে তার বিরুদ্ধে বিভিন্ন প্রতারণার অভিযোগে একাধিক মামলা হয়। ২০২০ সালের ২৮ সেপ্টেম্বর অস্ত্র আইনের মামলায় আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। এছাড়া জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় ২০২৩ সালের ২১ আগস্ট তাকে তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়। এর আগে ২০১০ সালে চেক জালিয়াতির একটি মামলায় তার ছয় মাসের সাজা হয়েছিল।

সাহেদের বিরুদ্ধে দায়ের হওয়া মামলাগুলোর মধ্যে অর্থ পাচার প্রতিরোধ আইনের একটি মামলাও রয়েছে। ওই মামলায় অপরাধ তদন্ত বিভাগের তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়, বিভিন্ন প্রতারণার মাধ্যমে তিনি ১১ কোটির বেশি টাকা আত্মসাৎ করেছেন।