জাতীয়

৯ কার্যদিবসে শেষ সংসদের তৃতীয় অধিবেশন, ৬ বিল পাস


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৭ এএম

৯ কার্যদিবসে শেষ সংসদের তৃতীয় অধিবেশন, ৬ বিল পাস
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন শেষ হয়েছে। ৯ কার্যদিবসের এই অধিবেশনে উত্থাপিত ছয়টি বিলই পাস হয়েছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম রাষ্ট্রপতির পক্ষে অধিবেশন সমাপনী সংক্রান্ত ঘোষণা পাঠের মাধ্যমে তৃতীয় অধিবেশনের সমাপ্তি ঘোষণা করেন। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ সমাপনী ঘোষণা দেন।

এর আগে গত ২৭ আগস্ট ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন শুরু হয়।

আইন প্রণয়নের পাশাপাশি এবারের অধিবেশনে তিনটি বিশেষ কমিটিসহ ৪৮টির বেশি সংসদীয় কমিটি গঠন ও পুনর্গঠন করা হয়েছে। সংসদীয় কার্যপ্রণালির বিভিন্ন বিধির আওতায় সংসদ সদস্যরা জনগুরুত্বপূর্ণ নানা বিষয়ে নোটিশও জমা দেন।

এর মধ্যে ৬৮ বিধিতে পাওয়া সাতটি নোটিশের মধ্যে দুটি গৃহীত ও আলোচিত হয়েছে। ৭১ বিধিতে পাওয়া ১৫টি নোটিশের মধ্যে ১৪টির ওপর আলোচনা অনুষ্ঠিত হয়। এছাড়া ৭১ক বিধিতে দুই মিনিটের বক্তব্য দেওয়ার জন্য ১২৪টি নোটিশ পাওয়া যায়।

অধিবেশনে ১৪৭ বিধিতে পাওয়া দুটি নোটিশের মধ্যে একটির ওপর আলোচনা হয়। অন্যদিকে ৩০২ বিধিতে একটি নোটিশ উত্থাপন করা হয়েছে।

সংক্ষিপ্ত এই অধিবেশনে সংসদ সদস্যদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদের সদস্যরা। প্রধানমন্ত্রীর উত্তর দেওয়ার জন্য মোট ১৪৪টি প্রশ্নের নোটিশ দেওয়া হলেও তিনি ১৫টির উত্তর দেন।

এ ছাড়া বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রীদের জন্য জমা দেওয়া ২ হাজার ৬৭৬টি প্রশ্নের মধ্যে ১ হাজার ৬৭৮টির উত্তর দেওয়া হয়েছে।