রাজনীতি

হাদির মৃত্যু ঘিরে বিশৃঙ্খলায় সরকারের ভূমিকা প্রশ্নবিদ্ধ: সালাহউদ্দিন


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২১ ডিসেম্বর ২০২৫, ০২:০৮ পিএম

হাদির মৃত্যু ঘিরে বিশৃঙ্খলায় সরকারের ভূমিকা প্রশ্নবিদ্ধ: সালাহউদ্দিন
ছবি: সংগৃহীত

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যু ঘিরে সৃষ্ট সাম্প্রতিক বিশৃঙ্খলায় সরকারের ভূমিকা প্রশ্নবিদ্ধ বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

তিনি বলেন, জনগণ যেখানে গণতন্ত্র (ডেমোক্রেসি) প্রত্যাশা করছে, সেখানে সরকার মবোক্রেসি লালন করছে। এ ধরনের পরিস্থিতি কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এবং মব সন্ত্রাসকে কঠোরভাবে দমন করতে হবে।

রোববার (২১ ডিসেম্বর) দুপুরে রাজধানীর একটি হোটেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা পুরো জাতির জন্য লজ্জাজনক। শুধু দুঃখ প্রকাশ করেই দায়িত্ব শেষ করা যায় না। এই ধরনের ঘটনায় দ্রুত ও কার্যকর ব্যবস্থা নেওয়া সরকারের দায়িত্ব। তিনি প্রশ্ন তোলেন, ঘটনার সময় আইনশৃঙ্খলা বাহিনী কেন দেরিতে ঘটনাস্থলে পৌঁছাল—এ বিষয়ে সরকারের স্পষ্ট জবাব দেওয়া প্রয়োজন।

তিনি আরও বলেন, রাজনীতিবিদরা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকলেও সাংবাদিকরা সমাজ ও রাষ্ট্রকে দিকনির্দেশনা দেন। গণমাধ্যমের ওপর হামলা মানে মতপ্রকাশের স্বাধীনতার ওপর আঘাত, যা গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থার জন্য অত্যন্ত বিপজ্জনক।

মতবিনিময় সভায় সালাহউদ্দিন আহমদ বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কোনো ব্যক্তি বা গোষ্ঠীকে শক্তিশালী করতে নয়, বরং গণতন্ত্রকে শক্তিশালী করতেই দেশে ফিরছেন। তার প্রত্যাবর্তনের মূল লক্ষ্য হলো রাষ্ট্রে আইনের শাসন, গণতান্ত্রিক মূল্যবোধ ও জনগণের অধিকার পুনঃপ্রতিষ্ঠা।

তিনি বলেন, দেশে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে হলে সহিংসতা, উসকানি ও মব সংস্কৃতির বিরুদ্ধে সরকারকে কঠোর অবস্থান নিতে হবে। অন্যথায় গণতান্ত্রিক উত্তরণ আরও বাধাগ্রস্ত হবে।