রাজনীতি
চায়ের আড্ডায় তরুণ ভোটারদের সঙ্গে জাইমা রহমান
বনানী ডিওএইচএস খেলার মাঠে বিকেলে তরুণ ভোটারদের সঙ্গে মুখোমুখি সংলাপে অংশ নিয়েছেন ব্যারিস্টার জাইমা রহমান। বিএনপি নির্বাচন পরিচালনা কমিটির কন্টেন্ট জেনারেশন টিমের উদ্যোগে আয়োজিত ‘চায়ের আড্ডা’ শীর্ষক এই ইন্টারেক্টিভ অনুষ্ঠানে তরুণরা সরাসরি তাদের দৈনন্দিন সমস্যা, ভবিষ্যৎ পরিকল্পনা এবং রাষ্ট্র সংস্কারের প্রস্তাবনা তুলে ধরেন।
সোমবার (২ জানুয়ারি) অনুষ্ঠিত সংলাপে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাইমা রহমান। তিনি তরুণদের বক্তব্য মনোযোগ দিয়ে শুনেছেন এবং তাদের সঙ্গে মতবিনিময় করেছেন।
সংলাপে তরুণরা ঢাকা শহরে পর্যাপ্ত খেলার মাঠের অভাব এবং এর প্রভাব শারীরিক ও মানসিক বিকাশে কীভাবে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে, সে বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন। এছাড়াও সাইবার বুলিং, অনলাইন নিরাপত্তা, ফ্রিল্যান্সিং ক্ষেত্রে নারীদের জন্য সীমিত সুযোগ-সুবিধা এবং প্রশিক্ষণের অভাব সম্পর্কেও আলোচনা হয়।
এ সময় রাজনীতি ও ভোটাধিকার সম্পর্কিত প্রশ্নে তরুণরা অংশগ্রহণমূলক নির্বাচনের আকাঙ্ক্ষা প্রকাশ করেন। জাইমা রহমান প্রত্যেক সমস্যার প্রতি মনোযোগী ছিলেন এবং তাদের মতামত গুরুত্ব সহকারে গ্রহণ করেন।
আয়োজকরা জানান, এই সংলাপের লক্ষ্য হলো জাতীয় রাজনীতির মূল ধারার সঙ্গে তরুণদের একটি অর্থপূর্ণ সেতুবন্ধন তৈরি করা। এছাড়াও এই আড্ডায় উঠে আসা সমস্যা ও প্রস্তাবনাগুলো ভবিষ্যতের রাজনৈতিক কর্মপরিকল্পনায় অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে।