সারাদেশ
প্রেমিকের সঙ্গে পালাল মেয়ে, অপমানে মায়ের আত্মহত্যা
প্রেমিকের হাত ধরে পালিয়েছেন কলেজপড়ুয়া মেয়ে। সেই অপমান সহ্য করতে না পেরে আত্মহত্যার পথ বেছে নিয়েছেন এক বিধবা মা। ঘটনাটি ঘটেছে বরিশালের বাবুগঞ্জে। বৃহস্পতিবার ভোরে নিজ বাড়ির পাশে গাছে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, ১৬ বছর বয়সী এক কলেজপড়ুয়া মেয়ের সঙ্গে গৌরনদী উপজেলার এক ছেলের প্রেমের সম্পর্ক ছিল। সম্প্রতি ছেলেটি বিয়ের প্রস্তাব দিলে মেয়ের মা তাতে রাজি হননি। এমন পরিস্থিতিতে গতকাল (২২ অক্টোবর) বিকেলে মেয়েটি পরিবারের কাউকে না জানিয়ে প্রেমিকের সঙ্গে পালিয়ে যায়। ঘটনার পর থেকে মেয়ের মা (৬০) চরম মানসিক বিপর্যয়ের মধ্যে পড়েন। অবশেষে বৃহস্পতিবার ভোরে তিনি নিজের ঘরের পাশে একটি আমগাছে গলায় ফাঁস দেন।
খবর পেয়ে বাবুগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
বাবুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহিরুল আলম বলেন, “প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই মনে হচ্ছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।”