সারাদেশ
এবার রাউজানে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ ৫
চট্টগ্রামের রাউজান উপজেলায় বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন। বুধবার (৫ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার বাগোয়ান ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের চৌধুরী পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধরা হলেন- সোহেল, রুবেল, খোরশেদ, ঈসমাইল ও সুমন। আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা সবাই বিএনপি ও এর অঙ্গসংগঠনের কর্মী বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
স্থানীয়রা জানান, বুধবার রাত ১০টার দিকে বিএনপির একটি সভা শেষে কয়েকজন কর্মী বাড়ি ফিরছিলেন। এ সময় প্রতিপক্ষের লোকজন তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে পাঁচজন গুলিবিদ্ধ হন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
চমেক হাসপাতালে দায়িত্বরত এক পুলিশ কর্মকর্তা জানান, “রাত সাড়ে ১২টার দিকে রাউজান থেকে পাঁচজন গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে আনা হয়। তাদের বিভিন্ন ওয়ার্ডে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।”
রাউজান থানার কর্তব্যরত কর্মকর্তা বলেন, “গুলির ঘটনার খবর পেয়ে ওসি ঘটনাস্থলে গেছেন। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অভ্যন্তরীণ দ্বন্দ্ব থেকেই এ সংঘর্ষ ঘটেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”