সারাদেশ
নোয়াখালীতে ৫ বছরের শিশু আসমা ধর্ষণ-হত্যা মামলায় চাচাতো ভাইয়ের মৃত্যুদণ্ড
নোয়াখালীর চাটখিল উপজেলায় পাঁচ বছর বয়সী শিশু আসমা আক্তারকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যার দায়ে তার চাচাতো ভাই শাহাদাত হোসেন (২৬)কে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১ লাখ টাকা জরিমানাও করা হয়েছে।
সোমবার (৬ জুলাই) দুপুরে জেলার বিশেষ শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক ফারজানা আক্তার এ রায় ঘোষণা করেন। রায়ে বলা হয়েছে, মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে মৃত্যু না হওয়া পর্যন্ত ফাঁসিতে ঝুলিয়ে রাখতে হবে। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।
দণ্ডপ্রাপ্ত শাহাদাত হোসেন চাটখিল উপজেলার বদলকোট ইউনিয়নের মেঘা গ্রামের মৃধা বাড়ির বাবুল হোসেনের ছেলে এবং নিহত আসমার চাচাতো ভাই।
নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি সেলিম শাহী বিষয়টি নিশ্চিত করেছেন। বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট শুক্লা সাহা জানান, এর আগে তিন দফা রায়ের তারিখ পরিবর্তনের পর ৬ জুলাই রায় ঘোষণার দিন ধার্য করা হয়।
মামলার নথি সূত্রে জানা যায়, ২০২২ সালের ২৪ মার্চ দুপুরে নিজ বাড়ি থেকে নিখোঁজ হয় শিশু আসমা। দীর্ঘ ৯ দিন পর আইনশৃঙ্খলা বাহিনীর কাছে শাহাদাতের দেওয়া তথ্যের ভিত্তিতে বাড়ির পেছনের একটি সেপটিক ট্যাংক থেকে তার অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়। পরে তাকে গ্রেপ্তার করা হয়।
তদন্ত চলাকালে আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে আসামি শাহাদাত জানান, ঘটনার দিন তিনি আসমাকে ধর্ষণ করেন এবং বিষয়টি ফাঁস হয়ে যাওয়ার আশঙ্কায় শ্বাসরোধে হত্যা করেন। পরে আলামত গোপন করতে মরদেহ সেপটিক ট্যাংকে ফেলে দেন।
ঘটনাটি জানাজানি হলে নোয়াখালীজুড়ে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। দ্রুত বিচার ও আসামির সর্বোচ্চ শাস্তির দাবিতে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনসহ স্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠানগুলো মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে।