সারাদেশ

সন্তানকে শাশুড়ির কোলে রেখে এইচএসসি পরীক্ষা, পুত্রবধূকে শিক্ষক বানাতে চান শাশুড়ি


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ০৬ জুলাই ২০২৬, ০৮:৫৮ পিএম

সন্তানকে শাশুড়ির কোলে রেখে এইচএসসি পরীক্ষা, পুত্রবধূকে শিক্ষক বানাতে চান শাশুড়ি
ছবি: সংগৃহীত

তিন মাস বয়সী শিশুকে শাশুড়ির কোলে রেখে এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছেন এক পরীক্ষার্থী। সোমবার (৬ জুলাই) শেরপুর সরকারি কলেজ কেন্দ্রে ইংরেজি প্রথম পত্র পরীক্ষার দিনে দেখা যায় এই ব্যতিক্রমী ও অনুপ্রেরণাদায়ক দৃশ্য, যা উপস্থিত শিক্ষক, অভিভাবক ও পরীক্ষার্থীদের প্রশংসা কুড়িয়েছে।

পরীক্ষার্থী জুঁই শেরপুর সরকারি মহিলা কলেজের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। পরীক্ষা চলাকালে কেন্দ্রের বাইরে তার তিন মাস বয়সী কন্যা শিশু সাইদা ফাতিহাকে কোলে নিয়ে অপেক্ষা করছিলেন তার শাশুড়ি সুফিয়া বেগম।

সুফিয়া বেগম জানান, পুত্রবধূকে শিক্ষিত করে তোলাই তার প্রধান লক্ষ্য। তিনি বলেন, তার ইচ্ছা জুঁই পড়াশোনা শেষ করে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হোক। একজন মা শিক্ষিত হলে তার সন্তানরাও শিক্ষিত হয়ে ওঠে—এই বিশ্বাস থেকেই তিনি সংসারের কাজের চেয়ে পুত্রবধূর পড়াশোনাকে বেশি গুরুত্ব দিয়েছেন।

তিনি আরও জানান, বকশিগঞ্জ উপজেলার কামালপুর এলাকার বাসিন্দা তার ছেলে আব্দুর রহমানের সঙ্গে জুঁইয়ের বিয়ে হয় এসএসসি পরীক্ষার আগেই। তবে বিয়ের পরও কখনো পড়াশোনা বন্ধ হতে দেননি। বরং নিজে সংসারের দায়িত্ব সামলে তাকে নিয়মিত পড়াশোনায় উৎসাহ দিয়েছেন। জুঁই এসএসসি পরীক্ষায় গোল্ডেন জিপিএ-৫ অর্জন করে।

জুঁই বলেন, তার শাশুড়ি সব সময় তাকে সাহস ও সহযোগিতা দিয়েছেন। আজও শিশুকে দেখাশোনা করায় তিনি নিশ্চিন্তে পরীক্ষায় অংশ নিতে পেরেছেন।

ঘটনাটি দেখে শেরপুর সরকারি কলেজের সাবেক উপাধ্যক্ষ প্রফেসর শাহ কামাল উদ্দিন বলেন, এ ধরনের উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে পারে। একজন শিক্ষিত মা একটি শিক্ষিত জাতি গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলেও তিনি উল্লেখ করেন।

পরিবারের সহযোগিতা, নারীর শিক্ষার প্রতি ইতিবাচক মনোভাব এবং মাতৃত্বের পাশাপাশি শিক্ষাজীবন চালিয়ে যাওয়ার এই দৃষ্টান্ত শেরপুরে সবার কাছে অনুপ্রেরণার উদাহরণ হয়ে উঠেছে।