সারাদেশ
স্কুলছাত্রীদের উত্ত্যক্ত করার ভিডিও ভাইরাল, সেই বখাটে তরুণ গ্রেপ্তার
টাঙ্গাইলের মির্জাপুরে স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর অভিযুক্ত এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার দিবাগত রাত ৩টার দিকে বিশেষ অভিযান চালিয়ে তাকে বহুরিয়া এলাকা থেকে আটক করা হয়।
গ্রেপ্তার হওয়া তরুণ বহুরিয়া ইউনিয়নের বহুরিয়া খানপাড়া গ্রামের কিতাব খানের ছেলে মো. ইসমাইল খান (১৮)।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রোববার বিকেলে গেড়ামারা গোহাইলবাড়ি সবুজ সেনা উচ্চ বিদ্যালয় ছুটি শেষে বাড়ি ফেরার পথে এক ছাত্রীকে লক্ষ্য করে কটুক্তি ও হেনস্তা করে ওই তরুণ। এ সময় সংবাদ সংগ্রহে থাকা দুই সংবাদকর্মী ঘটনাটি দেখতে পান। তারা বিষয়টি জানতে চাইলে এক শিক্ষার্থীর স্বজন ইভটিজিংয়ের অভিযোগ করেন। পুরো ঘটনাটি ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা হলে তা দ্রুত ছড়িয়ে পড়ে এবং ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়।
ভিডিওটি ভাইরাল হওয়ার পর আইনশৃঙ্খলা বাহিনীর নজরে আসে বিষয়টি। প্রযুক্তির সহায়তায় অভিযুক্তের অবস্থান শনাক্ত করে পুলিশ। পরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন জানান, সামাজিক মাধ্যমে প্রচারিত ভিডিওটি দেখেই তারা দ্রুত ব্যবস্থা নেন। ভুক্তভোগী ও তার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে এবং অভিযুক্তের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করে তাকে আদালতের মাধ্যমে টাঙ্গাইল কারাগারে পাঠানো হয়েছে। তিনি আরও বলেন, সামাজিক অপরাধ ও ইভটিজিংয়ের বিরুদ্ধে কঠোর অবস্থান বজায় থাকবে।
পুলিশের এমন দ্রুত পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন স্থানীয় সচেতন মহল। তাদের মতে, এ ধরনের ব্যবস্থা বখাটে ও অপরাধপ্রবণদের জন্য সতর্কবার্তা হিসেবে কাজ করবে।