সারাদেশ
মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে চুয়াডাঙ্গা, বইছে মাঝারি শৈত্যপ্রবাহ
দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলা চুয়াডাঙ্গায় মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। মঙ্গলবার (৬ জানুয়ারি) সকাল ৬টা ও ৯টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা নেমে এসেছে ৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসে। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৩ শতাংশ।
এটি চলতি শীত মৌসুমে চুয়াডাঙ্গার সর্বনিম্ন তাপমাত্রা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা আরও কমতে থাকায় শীত ও কুয়াশার প্রকোপ বেড়েছে। এর আগের দিন সোমবার (৫ জানুয়ারি) জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
টানা মাঝারি শৈত্যপ্রবাহে বিপর্যস্ত হয়ে পড়েছে জেলার জনজীবন। উত্তরের হিমেল হাওয়ায় কনকনে ঠান্ডা অনুভূত হচ্ছে সর্বত্র। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন খেটে খাওয়া মানুষ ও ছিন্নমূলরা। শীতের তীব্রতায় কাহিল হয়ে পড়েছে মানুষ ও প্রাণিকুল।
গত প্রায় দুই সপ্তাহ ধরে চুয়াডাঙ্গায় টানা শৈত্যপ্রবাহ অব্যাহত রয়েছে। এ সময়ের মধ্যে অধিকাংশ দিনই সূর্যের দেখা মেলেনি। চারপাশে ঘন কুয়াশা বিরাজ করছে। সড়কে যানবাহনগুলোকে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা যাচ্ছে। অনেক মানুষ খড়-কাঠ জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন। জীবন-জীবিকার তাগিদে সকালেই কনকনে ঠান্ডার মধ্যেই কাজে বের হতে হচ্ছে শ্রমজীবী মানুষদের।
চুয়াডাঙ্গা প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের ইনচার্জ মো. জামিনুর রহমান জানান, আগামী এক সপ্তাহ অর্থাৎ ১২ জানুয়ারি পর্যন্ত জেলায় তাপমাত্রা আরও কমতে পারে। এ সময় শীতের তীব্রতা আরও বাড়ার আশঙ্কা রয়েছে।
এদিকে, তীব্র শীতে কষ্টে থাকা চুয়াডাঙ্গার শীতার্ত মানুষের পাশে শীতবস্ত্র নিয়ে দাঁড়ানোর জন্য দেশের বিত্তবান ও হৃদয়বানদের প্রতি আহ্বান জানানো হয়েছে।