সারাদেশ

মাদ্রাসার শিক্ষার্থীদের পেটালেন জামায়াত এমপির মেয়ে, প্রতিবাদে বাড়িতে হামলা ও ঘেরাও


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ২৮ জুলাই ২০২৬, ০৬:০৮ পিএম

মাদ্রাসার শিক্ষার্থীদের পেটালেন জামায়াত এমপির মেয়ে, প্রতিবাদে বাড়িতে হামলা ও ঘেরাও
ছবি: সংগৃহীত

যশোরে মাদ্রাসার শিশু শিক্ষার্থীদের মারধরের অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় যশোর-৪ আসনের সংসদ সদস্য গোলাম রসুল-এর বাড়ি ঘেরাও করে বিক্ষোভ করেছেন স্থানীয় বাসিন্দা ও অভিভাবকরা।

মঙ্গলবার (২৮ জুলাই) সকাল ১০টার দিকে শহরের নীলগঞ্জ সুপারি বাগান এলাকায় এমপির বাসভবনের সামনে জড়ো হন বিক্ষুব্ধ জনতা। অভিযোগ, এমপির মেয়ে মেহেজাবিন জান্নাত অনন্যা মাদ্রাসার শিশু শিক্ষার্থীদের মারধর ও ভয়ভীতি প্রদর্শন করেছেন। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে এলাকাবাসী বিক্ষোভে ফেটে পড়েন।

একপর্যায়ে বিক্ষোভকারীরা এমপির বাড়ির গেটে ঢোকার চেষ্টা করেন এবং জানালায় ইটপাটকেল নিক্ষেপ করে ভাঙচুর চালান। এ সময় সংসদ সদস্য ও তার পরিবারের সদস্যরা বাসার ভেতরেই অবস্থান করছিলেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিক্ষোভকারীদের সরিয়ে দেয় এবং বাড়ির সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

বিক্ষোভকারীদের দাবি, এমপির বাড়ির বিপরীতে অবস্থিত আল মাদ্রাসাতুল শারইয়্যাহ-এর শিক্ষার্থীদের সোমবার বিকেলে মারধর করেন অনন্যা। পরে পুলিশি মধ্যস্থতায় বিষয়টি মীমাংসা হলেও মঙ্গলবার সকালে ফের শিশু ও তাদের অভিভাবকদের ওপর চড়াও হন তিনি। এতে এক অভিভাবক আহত হন বলে অভিযোগ করা হয়েছে।

মাদ্রাসার মুহতামিম কবির হোসাইন বলেন, এমপিকন্যা বিভিন্ন সময় শিশুদের ওপর আক্রমণাত্মক আচরণ করেন। সর্বশেষ ঘটনার জেরে এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে বিক্ষোভে নামেন।

ঘটনার সময় প্রায় চার ঘণ্টা বাসার ভেতরে অবস্থান করেন সংসদ সদস্য ও তার পরিবার। তবে এ বিষয়ে তিনি কোনো মন্তব্য করেননি।

অন্যদিকে, এমপির স্ত্রী শারমিন ডিনা দাবি করেছেন, তার মেয়ে মানসিক সমস্যায় ভুগছেন এবং মাদ্রাসা প্রাঙ্গণে শিশুদের গোলযোগের জেরে এই বিরোধ তৈরি হয়েছে। তাদের বাড়িতে হামলা চালিয়ে উল্টো মিথ্যা অভিযোগ আনা হচ্ছে বলেও দাবি করেন তিনি।

এ বিষয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুম খান জানান, ঘটনার জেরে বিক্ষুব্ধ জনতা এমপির বাড়ি ঘেরাও করেছিল। পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।