সারাদেশ
বরিশালে ট্রাক ও নসিমন সংঘর্ষে শ্রমিক নিহত
বরিশালে ট্রাক ও শ্যালো ইঞ্জিন চালিত নসিমনের সংঘর্ষে এক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় একজন আহত হয়েছেন।
নিহতের নাম শহিদুল খান (৪০)। তিনি পার্শ্ববর্তী উজিরপুর উপজেলার কেশবকাঠী গ্রামের বাসিন্দা। আহত ব্যক্তি নসিমন চালক মশিউর রহমান।
শনিবার ভোর সাড়ে ৪টার দিকে বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদী উপজেলার আশোকাঠী ফিলিং স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, নসিমনটি আশোকাঠি ফিলিং স্টেশন এলাকা অতিক্রমকালে বিপরীতমুখী একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে নসিমনে থাকা দুইজন গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। সেখানে দায়িত্বরত চিকিৎসকরা শ্রমিক শহিদুলকে মৃত ঘোষণা করেন।
গৌরনদী হাইওয়ে থানার ওসি শেখ বেলাল হোসেন জানান, ওই উপজেলার ভুরঘাটা বাজারে কাঁচা তরকারি পৌঁছে দিয়ে মাহিলাড়ায় ফিরছিলেন ঘটনার শিকার দুজন। দুর্ঘটনার পর ঘাতক ট্রাকটি জব্দ করা যায়নি।
এসও/এএন