ক্যাম্পাস
ইউআইইউ শিক্ষার্থীদের স্থায়ী বহিষ্কার আদেশ প্রত্যাহার
শৃঙ্খলা ভঙ্গ ও আন্দোলনের ঘটনায় ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ) থেকে স্থায়ীভাবে বহিষ্কৃত ২৪ জন ও সাময়িক বহিষ্কৃত ১৬ জন শিক্ষার্থীর শাস্তি প্রত্যাহার করা হয়েছে। আজ শনিবার রাতে (২১ জুন) বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা কমিটির এক জরুরি বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মো. জুলফিকার রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বহিষ্কৃত শিক্ষার্থীদের আপিল আবেদনের ভিত্তিতে শৃঙ্খলা কমিটি তাদের বহিষ্কারের বিষয়টি পুনরায় পর্যালোচনা করে।
পর্যালোচনা শেষে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যেসব শিক্ষার্থীর বিরুদ্ধে স্থায়ী বহিষ্কারের আদেশ ছিল, তা প্রত্যাহার করা হবে। এর পরিবর্তে তাদের “সাসপেন্ডেড এক্সপালশন” (শর্তসাপেক্ষ বহিষ্কার) শাস্তি দেওয়া হয়েছে। এর ফলে তারা বর্তমান স্প্রিং ২০২৫ সেমিস্টার থেকেই ক্লাসে অংশ নিতে পারবে। তবে ভবিষ্যতে বিশ্ববিদ্যালয়ের আচরণবিধি লঙ্ঘন করলে স্থায়ী বহিষ্কারের সিদ্ধান্ত কার্যকর হবে।
অন্যদিকে, কয়েকজন শিক্ষার্থীকে দুই সেমিস্টার (স্প্রিং ২০২৫ ও সামার ২০২৫) পর্যন্ত বহিষ্কৃত রাখা হয়েছে। এসব শিক্ষার্থী ফল ২০২৫ সেমিস্টার থেকে পুনরায় ক্লাসে যোগ দিতে পারবেন। তবে তাদের ক্ষেত্রেও “সাসপেন্ডেড এক্সপালশন” বহাল থাকবে।