রাজধানী

হোটেল থেকে সন্তানসহ স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার, ময়নাতদন্তে যা জানা গেল


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ৩০ জুন ২০২৫, ১০:৪১ এএম

হোটেল থেকে সন্তানসহ স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার, ময়নাতদন্তে যা জানা গেল
ছবি: সংগৃহীত

রাজধানীর মগবাজারের একটি আবাসিক হোটেল থেকে উদ্ধার হওয়া একই পরিবারের তিনজন- স্বামী, স্ত্রী ও তাদের শিশুসন্তানের মৃত্যু নিয়ে এক ধরণের রহস্য তৈরি হয়েছিল। তবে সোমবার (৩০ জুন) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তাদের ময়নাতদন্ত সম্পন্ন হয়।

ফরেনসিক মেডিসিন বিভাগের প্রভাষক ডা. জাকিয়া তাসনিম জানান, তিনটি মরদেহের শরীরে তেমন কোনো বাহ্যিক আঘাতের চিহ্ন না থাকলেও উপসর্গ দেখে প্রাথমিকভাবে খাদ্যে বিষক্রিয়ায় মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে।

তিনি বলেন, “মরদেহ থেকে রক্ত ও ভিসেরা সংগ্রহ করে পরীক্ষার জন্য মহাখালীর পরীক্ষাগারে পাঠানো হয়েছে। ল্যাব রিপোর্ট হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিতভাবে বলা যাবে।”

এর আগে, রমনা থানার উপপরিদর্শক (এসআই) মো. জালাল উদ্দিন ঘটনাস্থলে গিয়ে তিনটি মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেন। সেখানেও উল্লেখ করা হয় তাদের শরীরে কোনো দৃশ্যমান আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিকভাবে খাদ্যে বিষক্রিয়াই মৃত্যুর কারণ বলে মনে করা হচ্ছে।

ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।