সারাদেশ
আলমডাঙ্গায় ৫ ডাকাত গ্রেফতার, দেশীয় অস্ত্র-সরঞ্জাম উদ্ধার
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ডাকাতির প্রস্তুতিকালে ৫ ডাকাতকে দেশীয় অস্ত্র ও ডাকাতির সরঞ্জামসহ আটক করেছে পুলিশ। এ সময় আরও কয়েকজন পালিয়ে গেলেও গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা রুজু করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
পুলিশ জানায়, বুধবার (২৮ আগস্ট) রাত পৌনে ৪টার দিকে আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদুর রহমানের নেতৃত্বে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। থানা এলাকায় গ্রেফতারি পরোয়ানা তামিল ও মাদকদ্রব্য উদ্ধার অভিযানের সময় গোপন সংবাদে জানা যায়- রুয়াকুলি গ্রামের বদরগঞ্জ মাঠ এলাকায় চুয়াডাঙ্গা-আলমডাঙ্গা সড়কের পাশে লোকমানের কাঁঠালবাগানে একদল ব্যক্তি ডাকাতির প্রস্তুতি নিচ্ছে।
খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে সেখানে অভিযান চালিয়ে ৫ জনকে আটক করে। তারা হলেন—আলমডাঙ্গার সাহেবনগর ক্যানালপাড়ার পলান প্রামানিকের ছেলে ছমির উদ্দিন (৪০), কুষ্টিয়ার মিরপুর ঝুটিয়াডাঙ্গা গ্রামের মৃত রুস্তম আলীর ছেলে মো. ছহির উদ্দিন ওরফে সৈরুদ্দিন (৪৫), মেহেরপুর গাংনীর মৃত ফরমান আলীর ছেলে মো. মুজিবর রহমান (৩৩), একই গ্রামের মৃত আব্দাল হকের ছেলে মো. নাজমুল ইসলাম (৩৫) এবং কুষ্টিয়ার আমলা এলাকার মৃত ওমর আলীর ছেলে মো. আরিফ হোসেন (৩৮)।
এসময় তাদের কাছ থেকে ১টি চাপাতি, ১টি দা, ১টি লোহার রড, ১টি সাবল, ১টি ছোরা, ১ গোছা নাইলনের দড়ি, ১টি পুরাতন ব্যাটারিচালিত পাখিভ্যান (চাবিসহ), চারটি মোবাইল ফোনসহ প্রায় পঁইতাল্লিশ হাজার টাকার মালামাল উদ্ধার করে পুলিশ। তবে অভিযানের সময় আরও ৭–৮ জন ডাকাত দৌড়ে পালিয়ে যায়।
ঘটনার পর আটককৃতদের বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় ডাকাতি মামলা (নং-৩৪, ধারা ৩৯৯/৪০২ দণ্ডবিধি) দায়ের করা হয়।
আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদুর রহমান সরকার জানান, গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তিনি আরও বলেন, “ডাকাতি, মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে আলমডাঙ্গা থানা নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছে। আমাদের তৎপরতা অব্যাহত থাকবে।”