সারাদেশ
তেল কিনতে গিয়ে কথা-কাটাকাটি, পাম্প কর্মচারীদের মারধরে যুবক নিহত
ঝিনাইদহে একটি পেট্রলপাম্পে তেল নেওয়া নিয়ে কথা-কাটাকাটির জেরে পাম্পের কর্মচারীদের মারধরে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (রাত) শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় অবস্থিত মেসার্স তাজ ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, শনিবার রাত প্রায় ৮টার দিকে আল মিরাজ নীরব নামের এক যুবক মোটরসাইকেলে তেল নিতে ওই পাম্পে যান। সে সময় পাম্পের কর্মচারীরা তাকে তেল দিতে অপারগতা প্রকাশ করেন। পরে নীরব পাশের একটি পাম্প থেকে তেল নিয়ে ফেরার পথে দেখতে পান, তাজ ফিলিং স্টেশনে অন্য এক ব্যক্তিকে বোতলে তেল দেওয়া হচ্ছে। এ বিষয়টি নিয়ে প্রতিবাদ করলে পাম্পের কর্মচারীদের সঙ্গে তার বাগ্বিতণ্ডা শুরু হয়।
একপর্যায়ে কথা-কাটাকাটি হাতাহাতিতে রূপ নেয়। অভিযোগ রয়েছে, পাম্পের কয়েকজন কর্মচারী লাঠি দিয়ে নীরবকে বেধড়ক মারধর করেন। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত আল মিরাজ নীরব কালীগঞ্জ উপজেলার বারোবাজার এলাকার বাদুরগাছা গ্রামের আলীমুর বিশ্বাসের ছেলে। তিনি ঝিনাইদহ শহরের সরকারি বালক বিদ্যালয়ের পাশেই একটি ফাস্টফুডের দোকান পরিচালনা করতেন। পাশাপাশি তিনি ঝিনাইদহ সরকারি কে সি কলেজে অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।
ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মাহফুজ হোসেন জানান, ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে পাম্পের তিন কর্মচারীকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্ত শেষে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ঝিনাইদহ সদর হাসপাতালের মেডিকেল কর্মকর্তা ডা. সুমন পাল বলেন, গুরুতর আহত অবস্থায় নীরবকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
উল্লেখ্য, তাজ ফিলিং স্টেশনের মালিক ঝিনাইদহের নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ নেতা ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এবং সৃজনী বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক হারুন অর রশীদ, যিনি সৃজনী হারুন নামে পরিচিত।