সারাদেশ
রাঙ্গামাটিতে যাত্রীবাহী বাস উল্টে ২০ জন আহত
রাঙ্গামাটি-চট্টগ্রাম সড়কের সাপছড়ি এলাকায় যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে অন্তত ২০ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
আহতদের ভাষ্য অনুযায়ী, তারা সবাই চট্টগ্রামের বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত। ঈদের ছুটি শেষে সকালে রাঙ্গামাটির নানিয়ারচর উপজেলা থেকে একটি রিজার্ভ বাসে করে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হন। পথে সাপছড়ি এলাকায় পৌঁছালে চালক বাসটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। পরিস্থিতি সামাল দিতে গিয়ে বাসটি পাহাড়ের সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে যায়।
দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত উদ্ধার কাজে এগিয়ে এসে আহতদের রাঙ্গামাটি সদর হাসপাতালে পাঠান।
রাঙ্গামাটি সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. শওকত আকবর খান জানান, হাসপাতালে মোট ২০ জন আহত রোগী ভর্তি হয়েছেন এবং তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।