সারাদেশ
ইউটিউব দেখে অকটেন তৈরি করতে গিয়ে বিস্ফোরণে ব্যবসায়ীর মৃত্যু
ফেনীর সোনাগাজীতে ইউটিউব দেখে বিকল্প পদ্ধতিতে অকটেন তৈরি করতে গিয়ে ভয়াবহ বিস্ফোরণে দগ্ধ হয়ে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। নিহত নুর আলম মাসুদ (৪৫) স্থানীয় সততা অয়েল মিলসের মালিক ছিলেন।
শনিবার (১৮ এপ্রিল) সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল–এর বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
স্থানীয় সূত্র ও স্বজনদের বরাত দিয়ে জানা যায়, গত মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকেলে সোনাগাজী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের নজরুল প্রাইমারি এলাকায় নিজ প্রতিষ্ঠানে অকটেন তৈরির একটি বিকল্প পদ্ধতি প্রয়োগ করছিলেন মাসুদ। এ সময় তাপমাত্রা নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে একটি পাইপ বিকট শব্দে বিস্ফোরিত হয়। এতে গুরুতর দগ্ধ হন মাসুদ ও তার সহকর্মী মো. ওমর ফারুক।
দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে প্রথমে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখান থেকে অবস্থার অবনতি হলে ঢাকায় স্থানান্তর করা হয়। চার দিন চিকিৎসাধীন থাকার পর শেষ পর্যন্ত মৃত্যু হয় মাসুদের।
নিহতের ভাই মোর্শেদ জানান, নতুন একটি পদ্ধতিতে অকটেন উৎপাদনের সময় তাপমাত্রা নিয়ন্ত্রণ হারিয়েই এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দা রেজাউল করিম বলেন, মাসুদ ছিলেন বিনয়ী ও সমাজসেবামূলক কাজে সক্রিয় একজন মানুষ। তার আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। একই ধরনের মন্তব্য করেন স্বেচ্ছাসেবী সংগঠক জিয়া উদ্দিন হৃদয়ও। তিনি জানান, মাসুদ প্রায়ই ইউটিউব দেখে নতুন কিছু উদ্ভাবনের চেষ্টা করতেন।
এ ঘটনায় সোনাগাজী মডেল থানা পুলিশ জানিয়েছে, বিস্ফোরণের ঘটনা তদন্ত করা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।