সারাদেশ
পদ্মায় মাছ ধরতে গিয়ে বড়শিতে উঠল কুমির, এলাকায় চাঞ্চল্য
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় পদ্মা নদীতে মাছ ধরার সময় জেলেদের বড়শিতে একটি কুমির ধরা পড়েছে।
সোমবার (২৭ এপ্রিল) সকাল ৭টার দিকে সদর ইউনিয়নের কাজীবাড়ি ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় জেলেরা জানান, পদ্মা নদীতে মাছ ধরার জন্য কয়েকজন জেলে হাজারি বড়শি ফেলেন। ওই সময় বড়শিতে আটকে যায় একটি কুমির। পরে তারা সেটিকে উদ্ধার করে রশি দিয়ে বেঁধে ঘাটের পাড়ে নিয়ে আসেন।
জেলেরা হলেন স্বপন বেপারী (৪০), সাগর বেপারী (৪৮), বিল্লাল খান (৬০) এবং শেখ ইলিয়াস (৪০)। তারা নদীতে মাছ ধরছিলেন বলে জানা গেছে।
ঘটনার পর শেখ ইলিয়াস জানান, কুমিরটি ধরা পড়ার সময় নদীর পশ্চিম পাশে আরও দুটি বড় কুমির দেখতে পান তারা। এতে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
পরে বিষয়টি জানাজানি হলে ঘাট এলাকায় শতাধিক মানুষ ভিড় করেন কুমিরটি দেখতে। স্বপন বেপারী জানান, কুমিরটি আটক করার পর দ্রুত ঘাট এলাকায় আনা হয় এবং পরে বন বিভাগকে খবর দেওয়া হয়।
এ বিষয়ে চরভদ্রাসন থানা-এর এসআই কাজী রিপন হোসেন জানান, বন্যপ্রাণীটির নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ দ্রুত ঘটনাস্থলে অবস্থান নেয় যাতে কেউ এটিকে ক্ষতি করতে না পারে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সুরাইয়া মমতাজ জানান, বন বিভাগ-কে জানানো হয়েছে। তাদের একটি দল এসে কুমিরটি উদ্ধার করে নিয়ে যাবে।
ঘটনার পর এলাকায় নতুন করে বন্যপ্রাণী নিয়ে আতঙ্ক ও কৌতূহল তৈরি হয়েছে।