সারাদেশ
বগুড়ায় পাথরবাহী ট্রাকের পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কায় নিহত ২
বগুড়ার শেরপুরে মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা পাথরবাহী ট্রাকের পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কায় দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ৭ জন আহত হয়েছেন।
গতকাল রবিবার (০২ আগস্ট) রাত সাড়ে ১১টায় উপজেলার ছোনকা এলাকায় ঢাকা-বগুড়া মহাসড়কের ঢাকাগামী লেনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- নওগাঁর ধামইরহাট উপজেলার চাঁদকুড়ি গ্রামের আব্দুল গফুরের ছেলে মাছুর রহমান (৩৮) এবং একই উপজেলার জাহানপুর গ্রামের ওসমান আলীর ছেলে নয়ন (৩৮)। নিহত নয়ন যমুনা লাইন পরিবহনের বাসের সহকারী ছিলেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ছোনকা এলাকায় আন্ডারপাস ব্রিজের উত্তর পাশে পাথরবোঝাই ট্রাক দুই দিন আগে সড়কের পাশের ওয়ালে ধাক্কা লেগে বিকল হয়ে মহাসড়কে দাঁড়িয়ে ছিল। রবিবার রাতে জয়পুরহাট থেকে ঢাকাগামী যমুনা লাইন পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই বাসের সহকারী নয়ন ও যাত্রী মাছুর রহমান নিহত হন। আহত সাতজন যাত্রীকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়।
এ বিষয়ে শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ আইয়ুব আলী জানান, দুর্ঘটনার পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।