সারাদেশ

মাগুরায় ছাত্রদলের ধাওয়া খেয়ে থানায় আশ্রয় নিলেন শিবির নেতাকর্মীরা


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ০৮ আগস্ট ২০২৬, ০৫:২৯ পিএম

মাগুরায় ছাত্রদলের ধাওয়া খেয়ে থানায় আশ্রয় নিলেন শিবির নেতাকর্মীরা
ছবি: সংগৃহীত

মাগুরার শ্রীপুর সরকারি কলেজ এলাকায় ইসলামী ছাত্রশিবিরের সিরাত প্রতিযোগিতার পোস্টার লাগানোকে কেন্দ্র করে ছাত্রদল ও শিবিরের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এ ঘটনায় ধাওয়া ও হামলার অভিযোগ তুলে আত্মরক্ষার্থে শিবিরের নেতা-কর্মীরা শ্রীপুর থানায় আশ্রয় নেন।

শনিবার (৮ আগস্ট) দুপুর ১২টার দিকে কলেজের সামনে এ ঘটনা ঘটে।

শিবিরের নেতা-কর্মীদের অভিযোগ, সিরাত প্রতিযোগিতার প্রচারণার অংশ হিসেবে কলেজের সামনে পোস্টার লাগানোর সময় ছাত্রদলের শ্রীপুর সরকারি কলেজ শাখার সভাপতি মেহেদী হাসান অন্তর তাদের বাধা দেন। এ সময় গালিগালাজ, পোস্টার ছিঁড়ে ফেলা এবং এক কর্মীর মোবাইল ফোন নিয়ে নেওয়ার ঘটনাও ঘটে বলে দাবি তাদের।

শ্রীপুর উপজেলা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি রিফাত বলেন, পোস্টার লাগানোর সময় বাধা দিয়ে গালিগালাজ করা হয় এবং পোস্টার ছিঁড়ে ফেলা হয়। পরে বিষয়টি জানাতে থানায় যোগাযোগ করা হলে তাদের থানায় গিয়ে দেখা করতে বলা হয়। কিন্তু থানায় গিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাকে না পেয়ে ফের পোস্টার লাগাতে গেলে আবারও ছাত্রদলের কর্মীরা গালিগালাজ শুরু করে।

তিনি আরও অভিযোগ করেন, পরবর্তীতে রামদা, লাঠিসহ দেশীয় অস্ত্র নিয়ে ধাওয়া ও অতর্কিত হামলা চালানো হয়। এতে প্রাণভয়ে তারা থানায় গিয়ে আশ্রয় নেন এবং এখনো নিরাপত্তাহীনতায় ভুগছেন।

তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন ছাত্রদলের নেতা মেহেদী হাসান অন্তর। তিনি বলেন, কলেজের প্রধান ফটকে পোস্টার না লাগিয়ে অন্য জায়গায় লাগানোর জন্য অনুরোধ করেছিলেন মাত্র। কোনো গালিগালাজ বা পোস্টার ছেঁড়ার ঘটনা ঘটেনি এবং ধাওয়ার সময়ও তিনি উপস্থিত ছিলেন না।

এ বিষয়ে মাগুরার পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন জানান, পোস্টার লাগানোকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়েছিল। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।