সারাদেশ

মেহেরপুরে পরিত্যক্ত জমিতে মিলল ১০ ল্যান্ডমাইন, এলাকা ঘিরে রেখেছে পুলিশ


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ০৮ আগস্ট ২০২৬, ০৯:৫৫ পিএম

মেহেরপুরে পরিত্যক্ত জমিতে মিলল ১০ ল্যান্ডমাইন, এলাকা ঘিরে রেখেছে পুলিশ
ছবি: সংগৃহীত

মেহেরপুরের গাংনী উপজেলার একটি পরিত্যক্ত জমি থেকে ১০টি ল্যান্ডমাইন সদৃশ বস্তু ও ৫টি খালি বক্স উদ্ধার হয়েছে। শনিবার (৮ আগস্ট) দুপুরে কাজিপুর ইউনিয়নের বেতবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। উদ্ধার হওয়া বস্তুগুলো ঘিরে পুরো এলাকা নিরাপত্তা বলয়ে রেখেছে পুলিশ, ফলে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বেতবাড়িয়া গ্রামের মৃত আবুল মালিথার ছেলে কাঁদো মালিথা নিজ জমিতে কৃষিকাজ করার সময় মাটির নিচে ধাতব আকৃতির কয়েকটি বস্তু দেখতে পান। পরে আরও খোঁড়াখুঁড়ি করলে একে একে ১০টি ল্যান্ডমাইন সদৃশ বস্তু এবং ৫টি খালি বক্স উদ্ধার হয়। খবর ছড়িয়ে পড়লে আশপাশের লোকজন ঘটনাস্থলে ভিড় করেন। পরে স্থানীয়রা গাংনী থানায় খবর দিলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এলাকা ঘিরে ফেলে।

বামুন্দী পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক জহুরুল ইসলাম জানান, উদ্ধার হওয়া বস্তুগুলো আসলেই সক্রিয় ল্যান্ডমাইন কিনা, নাকি পুরোনো বা নিষ্ক্রিয় বিস্ফোরক তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। এ কারণে সাধারণ মানুষকে ঘটনাস্থল থেকে নিরাপদ দূরত্বে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

গাংনী থানার তদন্ত কর্মকর্তা শিমুল কুমার দাস বলেন, খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি পরীক্ষা-নিরীক্ষার জন্য সেনাবাহিনীর বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটকে জানানো হয়েছে। বিশেষজ্ঞ দল এসে পরীক্ষা করার পরই নিশ্চিত হওয়া যাবে, এগুলো ল্যান্ডমাইন কি না এবং সেগুলো সক্রিয় কিনা।

এদিকে স্থানীয়দের ধারণা, মুক্তিযুদ্ধের সময় এসব মাইন পুঁতে রাখা হতে পারে। এলাকার বাসিন্দা ও স্থানীয় রাজনৈতিক নেতা মনজুর আলম টকি জানান, গ্রামের কাছেই সীমান্তবর্তী এলাকা হওয়ায় ১৯৭১ সালে সেখানে সম্মুখ যুদ্ধ হয়েছিল। সে সময় পাকিস্তানি সেনারা পিছু হটার সময় মাইনগুলো পুঁতে রেখে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। উদ্ধার হওয়া কিছু মাইনের গায়ে ‘পাকিস্তান’ লেখা রয়েছে বলেও তিনি দাবি করেন।