সারাদেশ
বিজিবিতে যোগ দিলেন ফেলানীর ভাই আরফান হোসেন
বাংলাদেশ-ভারত সীমান্তে নির্মম হত্যাকাণ্ডের শিকার কুড়িগ্রামের কিশোরী ফেলানীর ছোট ভাই আরফান হোসেন নতুন সৈনিক হিসেবে বর্ডার গার্ড বাংলাদেশে (বিজিবি) যোগ দিয়েছেন।
বুধবার (১৪ জানুয়ারি) চট্টগ্রামের সাতকানিয়ার বাইতুল ইজ্জতে অবস্থিত বিজিবি ট্রেনিং সেন্টারে ১০৪তম রিক্রুট ব্যাচের কুচকাওয়াজ শেষে তিনি আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করেন।
আরফান জানান, তার জীবনের একমাত্র লক্ষ্য হলো যেন আর কোনো পরিবার তার বোনের মতো সন্তান হারানোর বেদনা ভোগ না করে। তিনি বলেন, “যেভাবে আমার বোনকে সীমান্তে হত্যা করা হয়েছিল, সেই স্মৃতি আজও আমাকে তাড়িয়ে বেড়ায়। আমি সেই সীমান্তের রক্ষী হয়ে শপথ নিয়েছি।”
ফেলানী হত্যার পর থেকেই আরফান এবং তার পরিবারের স্বপ্ন ছিল তিনি বিজিবিতে যোগ দেবেন। চার মাসের কঠোর প্রশিক্ষণ শেষে তিনি সেই স্বপ্ন পূরণ করেছেন।
২০১১ সালের ৭ জানুয়ারি কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার রামখানা–অনন্তপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কিশোরী ফেলানীকে গুলি করে হত্যা করে। এই হত্যাকাণ্ড বাংলাদেশে সীমান্তে বেসামরিক হত্যার প্রতীকী ঘটনা হিসেবে স্মরণীয়। সম্প্রতি ঢাকার গুলশানে কূটনৈতিক এলাকার একটি প্রধান সড়কের নামকরণ করা হয়েছে ‘ফেলানী এভিনিউ’, যা রাষ্ট্রীয়ভাবে ঘটনার স্মৃতিকে সম্মান জানানোর উদ্যোগ হিসেবে ধরা হচ্ছে।