সারাদেশ

ওসির সঙ্গে বাকবিতণ্ডা: হবিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা মাহদী গ্রেপ্তার


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ০৩ জানুয়ারি ২০২৬, ০৯:২২ পিএম

ওসির সঙ্গে বাকবিতণ্ডা: হবিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা মাহদী গ্রেপ্তার
ছবি: সংগৃহীত

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থানার পুলিশের সঙ্গে বাকবিতণ্ডা ও হুমকিমূলক বক্তব্যের অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা সদস্যসচিব মাহদী হাসানকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৩ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হবিগঞ্জ সদর থানা পুলিশ তাকে আটক করে।

হবিগঞ্জের পুলিশ সুপার ইয়াছমিন খাতুন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গ্রেপ্তার মাহদী হাসান বর্তমানে হবিগঞ্জ সদর থানায় রয়েছেন।

এর আগে শনিবার দুপুরে মাহদী হাসানকে কারণ দর্শানোর নোটিশ দেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। সংগঠনটির ফেসবুক পেজ সূত্রে এ তথ্য জানা যায়।

পুলিশ সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার রাতে শায়েস্তাগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি এনামুল হাসান নয়নকে আটক করা হয়। নয়ন জুলাই আন্দোলনের সক্রিয় কর্মী দাবি করে শুক্রবার তাকে ছাড়াতে থানায় যান মাহদী হাসানসহ কয়েকজন নেতা। এ সময় পুলিশের সঙ্গে তাদের উত্তপ্ত বাক্য বিনিময় হয়।

ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে, যেখানে থানার ওসিসহ পুলিশ সদস্যদের সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন নেতা-কর্মীকে উচ্চস্বরে কথা বলতে দেখা যায়। ভিডিওতে মাহদী হাসানকে সরকার ও আন্দোলন নিয়ে বিতর্কিত মন্তব্য করতে শোনা যায়।

এ বিষয়ে গণমাধ্যমে দেওয়া বক্তব্যে মাহদী হাসান বলেন, সাবেক ছাত্রলীগ পরিচয়ের কারণে কাউকে অপরাধী হিসেবে দেখলে অনেক ক্ষেত্রেই ভুল সিদ্ধান্ত হতে পারে। তার দাবি, এনামুল হাসান নয়ন জুলাই আন্দোলনে সক্রিয় ছিলেন এবং এ সংক্রান্ত তথ্য পুলিশকে দেওয়া হলেও তাকে মুক্তি দেওয়া হয়নি। তিনি আরও বলেন, প্রথমে আলোচনার মাধ্যমে বিষয়টি সমাধানের চেষ্টা করা হলেও গুরুত্ব না পাওয়ায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

এ ঘটনার পরিপ্রেক্ষিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটি মাহদী হাসানের বক্তব্যকে সংগঠনের আদর্শবিরোধী ও ভাবমূর্তি ক্ষুণ্ণকারী উল্লেখ করে তাকে শোকজ করে। দপ্তর সম্পাদক শাহাদাত হোসেনের স্বাক্ষরিত নোটিশে তাকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব ধরনের সাংগঠনিক কার্যক্রম থেকে বিরত থাকতে বলা হয়েছে।

নোটিশে আরও বলা হয়, কেন তার বিরুদ্ধে স্থায়ী সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না—সে বিষয়ে আগামী ২৪ ঘণ্টার মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে হবে।

প্রসঙ্গত, ২০২৪ সালের আগস্টে বানিয়াচং থানাকেন্দ্রিক সহিংস ঘটনার পর ওই এলাকা ব্যাপক আলোচনায় আসে। এ বিষয়ে সে সময় আন্তর্জাতিক গণমাধ্যমেও প্রতিবেদন প্রকাশিত হয়।