খেলা
বিশ্বকাপ ট্রফির প্রতিকৃতি বিক্রি করে বিতর্কে ফরাসি ফুটবলার মেন্দি
রাশিয়া বিশ্বকাপজয়ী ফ্রান্স দলের সদস্য বেঞ্জামিন মেন্দি নিজের কাছে থাকা ফিফা বিশ্বকাপ ট্রফির অফিসিয়াল প্রতিকৃতি (রেপ্লিকা) বিক্রি করে নতুন বিতর্কের জন্ম দিয়েছেন। বিশ্বকাপজয়ী খেলোয়াড়দের দেওয়া এই স্মারক নিলামে তোলার সিদ্ধান্ত ফুটবল অঙ্গনে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে।
যুক্তরাষ্ট্রভিত্তিক ক্রীড়া স্মারক নিলাম প্রতিষ্ঠান গোল্ডিন-এর ‘গ্লোবাল ফুটবল অকশন পার্ট ২’-এ ট্রফিটির রেপ্লিকা বিক্রির জন্য তোলেন মেন্দি। নিলামে এটি ৬২ হাজার মার্কিন ডলারে (প্রায় ৫৪ হাজার ইউরো) বিক্রি হয়েছে।
বিশ্বকাপের মতো মর্যাদাপূর্ণ একটি স্মারক বিক্রি করায় সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনার মুখে পড়েন এই ফরাসি ডিফেন্ডার। অনেকের মতে, এমন একটি ঐতিহাসিক অর্জনের প্রতীক ব্যক্তিগত সংগ্রহে সংরক্ষণ করাই উচিত ছিল।
তবে সমালোচনার জবাবে সামাজিক যোগাযোগমাধ্যম স্ন্যাপচ্যাট-এ নিজের অবস্থান স্পষ্ট করেন মেন্দি। তিনি বলেন, ট্রফিটির প্রতিকৃতি তার ব্যক্তিগত সম্পত্তি। ফলে এটি নিজের কাছে রাখবেন নাকি বিক্রি করবেন, সেই সিদ্ধান্ত নেওয়ার অধিকার সম্পূর্ণ তার।
রসিকতার সুরে তিনি আরও বলেন, ট্রফিটি এতদিন আলমারিতে অযথাই জায়গা দখল করে ছিল। তাই সেটি বিক্রি করে দেওয়ায় তিনি কোনো সমস্যা দেখছেন না।
২০১৮ সালে রাশিয়ায় অনুষ্ঠিত ফিফা বিশ্বকাপে ফ্রান্সের শিরোপা জয়ের পর দলের প্রতিটি খেলোয়াড়কে বিশ্বকাপ ট্রফির একটি অফিসিয়াল প্রতিকৃতি দেওয়া হয়েছিল। সেই স্মারক বিক্রির ঘটনাই এখন ফুটবল বিশ্বে আলোচনা-সমালোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।