অর্থনীতি

স্বস্তি নেই রাজধানীর বাজারে, চড়া দামেই বিক্রি হচ্ছে মাছ–মুরগি–সবজি 


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৬ জুন ২০২৬, ১০:৩৯ এএম

স্বস্তি নেই রাজধানীর বাজারে, চড়া দামেই বিক্রি হচ্ছে মাছ–মুরগি–সবজি 
ছবিঃ সংগৃহীত

রাজধানীর নিত্যপণ্যের বাজারে এখনো স্বস্তি ফেরেনি। আগের সপ্তাহের তুলনায় দামে বড় কোনো পরিবর্তন না এলেও মাছ, মুরগি ও সবজির উচ্চমূল্যে চাপে রয়েছেন মধ্যবিত্ত ও নিম্নমধ্যবিত্ত ক্রেতারা।

আজ শুক্রবার (২৬ জুন) সকালে রাজধানীর উত্তরা সমবায় বাজার ঘুরে একই চিত্র দেখা গেছে।

বাজারে ব্রয়লার মুরগি কেজিপ্রতি ১৬০-১৬৫ টাকা, সোনালী ৩০০ টাকা, লেয়ার ৩৪০-৩৫০ টাকা এবং দেশি মুরগি ৬০০-৬৫০ টাকায় বিক্রি হচ্ছে। গরুর মাংস ৭৫০-৮০০ টাকা এবং খাসির মাংস ১ হাজার থেকে ১ হাজার ২০০ টাকার মধ্যে থাকলেও সাধারণ ক্রেতাদের কাছে এসব দাম এখনো অনেক বেশি।

মাছের বাজারেও দামের চাপ অব্যাহত রয়েছে। আকারভেদে ইলিশ বিক্রি হচ্ছে ১ হাজার ৫০০ থেকে ২ হাজার ৭০০ টাকা কেজি দরে। এছাড়া পাঙ্গাস ২০০ টাকা, রুই ২৫০-৩৫০ টাকা, কাতলা ২৫০-৩৫০ টাকা, পাবদা ৪০০-৬০০ টাকা, গলদা চিংড়ি ৬৫০-৭৫০ টাকা এবং শিং মাছ ৪৫০-৫০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

সবজির বাজারেও মিলছে না স্বস্তি। অধিকাংশ সবজির দাম ৫০ টাকার ওপরে। ঢেঁড়শ, পটল, ঝিঙ্গা, করলা ও চিচিঙ্গা ৬০-৮০ টাকা, বরবটি ৭০-৮০ টাকা, গাজর ১০০-১২০ টাকা, কচুর লতি ৭০ টাকা এবং শিম ১৩০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। বিক্রেতাদের দাবি, পাইকারি বাজারে দাম না কমায় খুচরা পর্যায়েও মূল্য কমানো সম্ভব হচ্ছে না।

এদিকে সরকারি সংস্থা টিসিবির তথ্য অনুযায়ী, গত এক সপ্তাহে চাল, ব্রয়লার মুরগি, সয়াবিন তেল, আদা, রসুন, আলু, বেগুন, কাঁচামরিচ, শসাসহ কয়েকটি নিত্যপণ্যের দাম বেড়েছে। ফলে বাজারে স্বস্তি ফেরার অপেক্ষায় রয়েছেন সাধারণ ক্রেতারা।