বিনোদন
পর্দার প্রেম বাস্তবে? ‘গোপনে’ বাগদান সারলেন রাশমিকা-বিজয়!
দক্ষিণী সিনেমার জনপ্রিয় দুই তারকা রাশমিকা মান্দানা ও বিজয় দেবরাকোন্ডার সম্পর্ক নিয়ে দীর্ঘদিন ধরেই চর্চা চলছে। প্রেম নিয়ে কখনো মুখ না খুললেও, দু’জনের একসঙ্গে সময় কাটানোর নানা মুহূর্ত, ছুটি কাটানো ছবি আর একে অন্যের প্রতি বিশেষ টান বারবার ভক্তদের সন্দেহে রূপ দিয়েছে দৃঢ় বিশ্বাসে। এবার রাশমিকার অনামিকায় একটি ঝলমলে হীরার আংটি সেই বিশ্বাসকে যেন আরও শক্ত করে দিল।
সম্প্রতি ভাইরাল হওয়া কিছু ছবিতে রাশমিকাকে দেখা গেছে সাদা শার্ট ও নীল জিনস পরা অবস্থায়, চোখে রোদচশমা। তবে পোশাক নয়, নজর কাড়েছে তার আঙুলে থাকা হীরার আংটি। আর এতেই শুরু হয়েছে নতুন করে গুঞ্জন তারা কি গোপনে বাগদান সেরে ফেলেছেন?

রাশমিকার ভক্তরা মনে করেন, নায়িকার চোখ-মুখই সব বলে দেয়। বিজয়ের প্রসঙ্গে এলেই তার মুখে হাসির আভা ফুটে ওঠে। অন্যদিকে বিজয় এক সাক্ষাৎকারে স্বীকার করেছিলেন, তিনি ‘কাউকে’ ডেট করছেন। যদিও নাম উল্লেখ করেননি, ভক্তরা ধরে নিয়েছেন, তিনি যে রাশমিকাকেই ইঙ্গিত করেছেন, তা আর বুঝতে বাকি থাকে না।
টাইমস নাউয়ের এক প্রতিবেদন বলছে, রাশমিকার হীরার আংটি নতুন নয়। এর আগেও চলতি বছরের জুন মাসে শোনা যায়, রাশমিকা ও বিজয় নাকি বিয়ের প্রস্তুতি নিচ্ছেন। তখন রাশমিকা একটি কাঁচা হলুদ ও গোলাপি রঙের শাড়ি পরা ছবি পোস্ট করে লেখেন, "এই ছবিতে সব কিছু আমার খুব প্রিয়..."। ভক্তদের দাবি, ছবির পেছনের লোকেশন বিজয়ের বাড়িরই অভ্যন্তর। কারণ এমন মিল রয়েছে, যা আগেও বিজয়ের পোস্টে দেখা গেছে।

সম্প্রতি ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে নিউ ইয়র্কে আয়োজিত একটি অনুষ্ঠানে রাশমিকা ও বিজয়কে একসঙ্গে দেখা যায়। সেখানে তাদের একে অপরের পাশে হাঁটতে এবং কিছু সময়ের জন্য হাত ধরতেও দেখা গেছে। সেই মুহূর্তটি ধরা পড়ে ভিডিওতে, যা এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
বিজয় নিজের ইনস্টাগ্রামে সেই সফরের একটি ভিডিও শেয়ার করে লেখেন, "অপরিসীম সম্মান! স্বাধীনতা দিবসে ভারতীয় তেরঙায় রাঙানো হলো এম্পায়ার স্টেট বিল্ডিং। এই অভিজ্ঞতা সত্যিই অসাধারণ।"
সবকিছু মিলিয়ে, দু’জনের সম্পর্ক নিয়ে যতই তারা চুপ থাকুন না কেন, তাদের আচরণ, উপস্থিতি ও সামাজিক যোগাযোগমাধ্যমের হালচাল বলছে ভিন্ন কথা। অনেকেই নিশ্চিত, এতো আয়োজন আর ইঙ্গিত কোনো সাধারণ বন্ধুত্বের নয়। বরং তারা নিজেদের সম্পর্ককে নতুন ধাপে নিয়ে যাচ্ছেন।
তবে সব গুঞ্জনের মাঝে একটি বিষয় নিশ্চিত শিগগিরই ‘ভিডি–১৪’ ছবিতে আবার একসঙ্গে দেখা যাবে রাশমিকা ও বিজয়কে। এর আগে ‘গীতা গোবিন্দম’ ও ‘ডিয়ার কমরেড’ এর মতো হিট সিনেমায় একসঙ্গে কাজ করে দর্শকের মন জয় করেছেন তারা। পর্দার রসায়ন এবার কি বাস্তবে রূপ নিচ্ছে? সময়ই দেবে সেই উত্তর।